২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এইডসে মৃত্যুর সংখ্যা কমেছে'

বাংলাদেশে গত বছরের তুলনায় এবার এইচআইভি ও এইডসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে এইডসে মৃত্যুর সংখ্যা কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 08:40 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে গত বছরের তুলনায় এবার এইচআইভি ও এইডসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে এইডসে মৃত্যুর সংখ্যা কমেছে। বুধবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক। মন্ত্রী জানান, এ বছর দেশে ৩৪৩ জন এইচআইভি আক্রান্ত হয়। তাদের মধ্যে এইডস ধরা পড়ে ২৩১ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৭ জনের। অন্যদিকে ২০০৯ সালে ২৫০ জন এইচআইভিতে আক্রান্ত হয়। তাদের মধ্যে ১৪৩ জনের এইডস ধরা পড়ে এবং মারা যায় ৩৯ জন। এ হিসেবে গত বছরের তুলনায় এ বছর এইচআইভি আক্রান্তের সংখ্যা ৯৩ জন এবং এইডস ধরা পড়ার সংখ্যা ৮৮ জন বেশি। এই বছর বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য 'সবার জন্য সুযোগ ও মানবাধিকার'। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে। ১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইচআইভি ভাইরাস ধরা পড়ে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২১ বছরে দেশে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২০৮৮ জন। এর মধ্যে এইডস হয় ৮৫০ জনের এবং মারা গেছে ২৪১ জন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ওই সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও আমরা সফল হয়েছি। কারণ আমরা উদ্বেগজনক পরিস্থিতিতে নেই। ১৬ কোটি জনসংখ্যার মধ্যে এ সংখ্যা খুবই কম।" যৌনকর্মীদের মধ্যে এইচআইভি আক্রান্তের সংখ্যা বেড়েছে জানিয়ে তিনি বলেন, "ভবিষ্যতে এইডস আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে।" স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব এ কে এম আমির হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. মো. শারফুদ্দীন আহমেদ, বাংলাদেশ ইউএনএফপি এর আবাসিব প্রতিনিধি আর্থার আরকেন, সেভ দ্যা চিল্ড্রেন-ইউএস এর ভারপ্রাপ্ত পরিচালক বারবারা বরজোন, এসআইটি-এইডস নেটওয়ার্ক চেয়ারম্যান আবু ইউসুফ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/এমআই/১৪৩৫ ঘ.