২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিতে তদারকি থাকবে: মন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে প্রধান বাধা কর্মীরা মাঠে থাকতে চায় না। তাই উপজেলা পর্যায়ে তদারকির জন্যে অ্যাটেন্ডেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে প্রধান বাধা কর্মীরা মাঠে থাকতে চায় না। তাই উপজেলা পর্যায়ে তদারকির জন্যে অ্যাটেন্ডেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে। শনিবার হোটেল শেরাটনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন আয়োজিত ষষ্ঠ জাতীয় কনভেনশন ও বৈজ্ঞানিক সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, শুধু মন্ত্রণালয় থেকে পুরো দেশের স্বাস্থ্য ব্যবস্থা মনিটরিং করা সম্ভব না। তাই উপজেলা পর্যায়েই এ ব্যবস্থা চালু করা হবে। মেডিকেল কলেজগুলোতে ডাক্তার পাওয়া যায় না- জনগণের এ অভিযোগ তুলে ধরে তিনি বলেন, "মেডিকেল কলেজগুলোতেও ডাক্তার, নার্স এবং অন্যদের জন্য ডিজিটাল অ্যাটেন্ডেন্স চালু করা হবে। যাতে ডাক্তাররা থাকেন কি না, তা তদারক করা যায়।" স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল কলেজে চিকিৎসকদের পদোন্নতিতে পিএসসি'র সুপারিশের জন্যে দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়। এর ফলে শিক্ষকদের পদোন্নতি আটকে রয়েছে বছরের পর বছর। "এ জটিলতার অবসান ঘটাতে সরকার আন্তরিক। পদোন্নতির জন্যে যাতে পিএসসির দ্বারস্থ হতে না হয়, সে জন্য কয়েক মাসের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে", বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, উপজেলা পর্যায়কে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি ধরে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে। ঢাকা কেন্দ্রিক থাকা যাবে না। উপজেলা পর্যায়ে ও প্যাথলজি টেস্টেও আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করা হবে। অধ্যাপক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত প্রমুখ। অ্যাসোসিয়েশন অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ১৯৯৭ সালে কার্যক্রম শুরু করে। সব অনুষ্ঠানে ডাকবেন না সব অনুষ্ঠানে অতিথি না করার জন্য চিকিৎসক এবং চিকিৎসা সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। শনিবারের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার বলে ডাক্তারদের সব অনুষ্ঠানে যেতে হবে এটা ঠিক নয়। আমি শুধু ডাক্তারদের মন্ত্রী নই, আমাকে পুরো স্বাস্থ্য ব্যবস্থা নিয়েই কাজ করতে হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/২১১২ ঘ.