ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ নির্মাণে বঙ্গবন্ধু ট্রাস্টের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে এ চুক্তি স্বাক্ষর হয়। ট্রাস্টের পক্ষে সদস্য সচিব শেখ হাফিজুর রহমান ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে সচিব কামরুন নেসা খানম চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বঙ্গবন্ধু ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
শেখ ফজিলাতুন্নেছার নামে বিশেষায়িত এ হাসপাতালটি গাজীপুরে নির্মাণ করা হবে। এটি বঙ্গবন্ধু ট্রাস্ট্রের একটি প্রকল্প হলেও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হবে।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুইশ ৫০ শয্যার এ হাসপাতাল এবং ৫০ আসনের নার্সিং কলেজ (বিএসসি) প্রথম পর্যায়ের কাজ শুরু হবে এ বছরের শেষে। ২০১২ সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হবে। প্রথম পর্যায়ের কাজের ব্যয় ধরা হয়েছে ২১৫ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২১২৬ ঘ.
bdnews24