ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার আবেদনপত্র আগামী বছর থেকে অনলাইনে পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক।
শুক্রবার রাজধানীর ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদনপত্র কেনা নিয়ে জটিলতা দেখা দেয়। দীর্ঘ লাইন দিয়েও ঢাকায় অনেকে ফরম কিনতে পারেননি। মেডিকেল কলেজ কর্মচারীদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আবেদনপত্র বিক্রির অভিযোগও ওঠে।
তবে পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, "আগামী বছর থেকে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হবে।"
মোট ১৫টি জেলার ২০টি পরীক্ষা কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এমবিবিএস ভর্তি পরীক্ষা হয়। সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৫ হাজার ৭১০ আসনের জন্য এবার পরীক্ষার্থীর সংখ্যা ৪২ হাজারের বেশি।
সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৩৬০ এবং ৪৩টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩ হাজার ৩৫০। সরকারি মেডিকেল কলেজের মধ্যে যশোর মেডিকেল কলেজে এবারই প্রথম ৫০টি আসনের শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
এবারই প্রথম সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে একসঙ্গে ভর্তিপরীক্ষা হচ্ছে। এতে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে ন্যূনতম মান নিশ্চিত হবে বলে মনে করেন মন্ত্রী।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব মুহাম্মদ হুমায়ুন কবির ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক খন্দকার মোহাম্মদ সিফায়েত উল্লাহ।
কর্মস্থলে চিকিৎসকদের দায়িত্ব পালন নিশ্চিত করতে সরকার কঠোরভাবে তদারক করছে বলে জানান রুহুল হক।
তিনি বলেন, "নতুন যেসব চিকিৎসক অ্যাডহক ভিত্তিতে নিয়োগ করা হয়েছে, তাদের কর্মস্থলে যথাযথ দায়িত্ব পালনের বিষয়টি কঠোরভাবে তদারকির আওতায় রাখা হয়েছে। চিকিৎসকদের মধ্যে যারা একে হালকাভাবে নেবেন, তাদের চাকরি বিধি অনুযায়ী কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৩০ ঘ.
bdnews24