চট্টগ্রাম, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে হাতুড়ে চিকিৎসকদের ত্র"টিপূর্ণ চিকিৎসার কারণে রোগীদের এইডস, হেপাটাইটিস বি ও সি'র মত বিভিন্ন মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।
দন্ত চিকিৎসক কম থাকায় বেশিরভাগ রোগীকে এসব হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে।
রোববার নগরীর একটি রেষ্টুরেন্টে 'ওরাল হেলথ ডে' উপলক্ষে আয়োজিত 'বাংলাদেশে মুখ ও দন্ত চিকিৎসা সেবার বর্তমান অবস্থা, সমস্যাবলী ও উত্তরণে মিডিয়ার ভূমিকা' শীর্ষক এক সেমিনারে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মোস্তাক হাসান সাত্তার এ কথা বলেন।
সেমিনারের মূল বক্তব্যে ডা. মোস্তাক বলেন, চট্টগ্রাম শহর ও এর আশেপাশের এলাকায় পাশ করা দন্ত চিকিৎসক আছেন ১১৭ জন। এ কারণে মানুষ হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন এবং অজান্তেই নানা জটিল রোগের জীবাণু বহন করছেন।
হাতুড়ে চিকিৎসক পরিহার এবং বিশেষজ্ঞদের অধীনে জীবাণুমুক্ত আধুনিক যন্ত্রপাতি দিয়ে দাঁত ও মুখের চিকিৎসা করানোর তাগিদ দেন তিনি।
দন্ত চিকিৎসায় গণসচেতনতা বাড়ানোর ক্ষেত্রে সংবাদ মাধ্যমকে বিশেষ ভূমিকা পালনের আহবান জানিয়ে ডা. মোস্তাক বলেন, "একটু সচেতন হলেই মুখ ও দাঁতের নানা জটিল রোগ থেকে সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব।"
'ফ্যামিলি ডেন্টিস্ট্রি' নামে একটি প্রতিষ্ঠান আয়োজিত এবং এইডস বিশেষজ্ঞ ডা. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের অধ্যাপক ডা. মিজানুর রহমান, ডা. ওয়ারেস উদ্দিন, সাংবাদিক এম. নাসিরুল হক, অঞ্জন সেন, ওমর কায়সার, শহীদুল ইসলাম বাচ্চু, সৈয়দ আবদুল ওয়াজেদ, হাসান ফেরদৌস প্রমুখ।
সেমিনারে উপস্থিত সাংবাদিকরা দাতের চিকিৎসা বেশ ব্যয়বহুল বলে মন্তব্য করেন। তারা চিকিৎসা ব্যয় কমানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, এতে মানুষ হাতুড়ে চিকিৎসকদের কাছে না গিয়ে বিশেষজ্ঞ দন্ত চিকিৎসকদের শরণাপন্ন হবেন।
বিডিিিনউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এমএসবি/১৯০৮ ঘ.
bdnews24