২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি কমছে

রাজধানীসহ সারাদেশের হাসপাতালগুলোতে গত কয়েক দিনে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা কমছে। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগী আসার সংখ্যা কমলেও এখনো অপরিবর্তিত আছে ডায়রিয়ার প্রাদুর্ভাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 01:23 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীসহ সারাদেশের হাসপাতালগুলোতে গত কয়েক দিনে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা কমছে। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগী আসার সংখ্যা কমলেও এখনো অপরিবর্তিত আছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) কলেরা হাসপাতালে কয়েকদিন ধরে রোগী ভর্তির সংখ্যা কমছে বলে জানান সেখানকার চিকিৎসক ডা. আজহারুল ইসলাম খান। রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "রোগী কম আসার মানে এই নয় যে ডায়রিয়ার প্রকোপ কমছে। মানুষ এখন অনেক বেশি সচেতন। অসুস্থদের বাড়িতে রেখেই তারা প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন বলেই সম্ভবত হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা কমেছে।" হাসপাতালে আসা রোগীদের বেশিরভাগই মারাত্মক পানিশূন্যতায় ভুগছেন বলে বলে তিনি জানান। শুক্রবার কলেরা হাসপাতালে ছয়শ' ৩৩ জন রোগী ভর্তি হন। পরদিন শনিবার তা নেমে আসে পাঁচশ' ৭৬ জনে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে এ হাসপাতালে সাতশ' রোগী ভর্তি হন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোববার বেলা ৩টা ৫২ মিনিট পর্যন্ত তিনশ' ৬১ জন রোগী সেখানে ভর্তি হয়েছেন। রাজধানীর পাশাপাশি দেশের বন্যা আক্রান্ত অন্যান্য এলাকার হাসপাতালতেও ডায়রিয়া রোগী ভর্তির সংখ্যা কমছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তাদের হিসাবে গত ২২ আগস্ট সারাদেশে চার হাজার ৯৩৬ জন রোগী হাসপাতালে আসেন। এরপর ২৩, ২৪ ও ২৫ আগস্ট রোগীর সংখ্যা ছিল চার হাজার ১৩, তিন হাজার ৫৬১ ও দু'হাজার ৮০৪ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী ২৬ আগস্ট দু'হাজার ৩৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত পাঁচ দিনে এ রোগে মারা গেছেন পাঁচজন। গত জুলাই থেকে এখন পর্যন্ত মোট ৮৫ হাজার ৫৫৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/এসএনডি/এমএইচবি/১৯১৫ ঘ.