২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক যুগেও ওষুধের দাম বাড়েনি, দাবি স্বাস্থ্য উপদেষ্টার

গত প্রায় এক যুগে আমদানি করা দুই একটি ছাড়া আর কোনো ওষুধের দাম বাড়েনি বলে দাবি করছেন স্বাস্থ্য উপদেষ্টা এ এস এম মতিউর রহমান। তবে সাংবাদিকদের বিরোধিতার মুখে উপদেষ্টা স্বীকার করেন, ওষুধ কোম্পানি মালিকদের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে তিনি এমন কথা বলেছেন। পরে বাজারের প্রকৃত অবস্থা যাচাই করে দেখা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 05:20 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বস্বাস্থ্য সংস্থার ৬০তম অধিবেশন ও কমনওয়েলথ স্বাস্থ্য মন্ত্রীদের সম্মেলন এর ওপর সংবাদ বিফ্রিং এ স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ১৯৯৪ সালের পর আমদানি করা দুই একটি ওষুধ ছাড়া আর কোনো ওষূধের দাম বাড়েনি। দ্রব্য মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে ওষুধ কোম্পানির মালিকদের সঙ্গে কথা বলার সময় তারা এ কথা জানিয়েছেন।

এ সময় সংবাদসম্মেলনে উপস্থিত সাংবাদিকরা নাম ধরে কয়েকটি ওষুধের দাম বাড়ার কথা বললে উপদেষ্টা বলেন, শিগরিই খোঁজ নিয়ে বাজারের প্রকৃত অবস্থা দেখা হবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদ্য সমাপ্ত ৬০তম অধিবেশন এবং কমনওয়েলথ দেশের স্বাস্থ্য মন্ত্রীদের বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, গ্লোবাল ফান্ড ফর এইডস, টিবি অ্যান্ড ম্যালেরিয়া (জিএফএটিএম) এর কাছ থেকে ভারতের পর সবচেয়ে বেশি অর্থ সহায়তা পেয়েছে বাংলাদেশ। সেখান থেকে আমরা এক হাজার চারশ কোটি টাকা পাচ্ছি। এবারও আর্থিক সহায়তা দেওয়ার জন্য আবেদন করতে বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।

এ এস এম মতিউর রহমান বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার কাছে আমরা মেডিকেল যন্ত্রপাতি মেরামতের জন্য বায়োমেডিকেল ট্রেনিং ইন্সটিটিউট, ওষুধ পরীক্ষার জন্য কেন্দ্রীয়ভাবে একটি ল্যাবরেটরি স্থাপনে সহায়তা চেয়েছি।

এছাড়া পাঁচটি নার্সিং ইন্সটিটিউটে নার্সিং কোর্স শুরু হবে। বেসরকারি প্রতিষ্ঠানে নার্সিং কোর্স পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বব্যাংক আমাদের এ খাতে আর্থিক সহায়তা করার আশ্বাস দিয়েছে।

চট্টগ্রামে ইন্সটিটিউট অব ট্রপিক্যাল ডিজিজ স্থাপন করা হবে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এহসানুল ফাত্তাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. শাহজাহান বিশ্বাসসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।