কৃত্রিম রং মেশানো খাবার থেকে বাচ্চাদের দূরে রাখুন : বৃটিশ গবেষকদের আহ্বান
বৃটিশ গবেষকরা রং মেশানো খাবারের সাথে হাইপারঅ্যাক্টিভিটির সম্পর্ক খুঁজে পেয়েছেন। তারা অভিভাবকদের সতর্ক করে বলেছেন, তারা যেন বাচ্চাদের কৃত্রিম রং দেয়া খাবার থেকে বাচ্চাদের দুরে রাখেন।
বৃটিশ ফুড স্টান্ডার্ড এজেন্সির বরাত দিয়ে লন্ডনের দি টেলিগ্রাফ জানায়, বিশেষ করে জাংক ফুড ও কোমল পানীয়ের মধ্যে মেশানো কৃত্রিম রং শিশুদের হাইপারঅ্যাক্টিভ আচরণের জন্য দায়ী।
সরকারি পৃষ্ঠপোষকতায় এই গবেষণাটি পরিচালিত হয় সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মাধ্যমে। তারা ৩ থেকে ৯ বছর বয়সী শিশুদের উপর ৭ রকম সিনথেটিক রং ও প্রিজারভেটিভ নিয়ে গবেষণা করেন।
ওই বিজ্ঞানীদের সতর্কবাণীকে সমর্থন করেছেন বেশ কজন স্বাধীন গবেষকও।
ফুড কমিশনের এক মুখপাত্র আয়ান টোকেলাভ বলেছেন, “ এসব খাবারে যেসব রঞ্জকদ্রব্য সংযোজন করা হয় পুষ্টির দৃষ্টিকোন থেকে সে সবের অধিকাংশেরই কোন প্রয়োজন নেই। ওগুলো শুধুমাত্র খাবারে রং বা ফ্লেবার বদলায়।”
“গবেষণায় ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে, এগুলো বাচ্চাদের আচরণের উপর প্রভাব ফেলে। এবং এগুলো বাদ দিলেই বরং বাচ্চারা ভাল থাকবে।”
চাইল্ড গ্রোথ ফাউন্ডেশনের চেয়ারম্যান ট্যাম ফ্রাই বলেন যে, জাংক ফুড ও কোমল পানীয়ের মতো বিভিন্ন খাবার থেকে এসব রঞ্জক পদার্থ নির্মুল করা গেলে তারা খুবই খুশী হবেন। ফ্রাই সতর্ক করে বলেন, “দামে সস্তা হলেও এসব খাবারে উচ্চমাত্রার চর্বি, চিনি ও লবন থাকে যা শরীরের জন্য ক্ষতিকর।”
