পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস
আজ (শনিবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্বব্যাপী স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রচেষ্টা জোরদার করার লক্ষ্যে প্রতি বছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়।
এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য হচ্ছে-‘স্বাস্থ্যের জন্য বিনিয়োগ করুন, আরো নিরাপদ ভবিষ্যৎ গড়ুন’-এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশসহ পৃথিবীর ১৯৩টি দেশে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে।
দিবসটিকে সামনে রেখে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উপদেষ্টা মেজর জেনারেল ডা. এ এস এম মতিউর রহমান (অবঃ) আলাদা বাণী দিয়েছেন।
দিনটি পালন উপলক্ষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, “জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার করার জন্য এ খাতে বিনিয়োগ বাড়ানো এখন সময়ের দাবি।”
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ তাঁর বানীতে জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আরও সক্রিয় হওয়ার আহ্ববান জানান।
এস এম মতিউর রহমান (অবঃ) তার বানীতে বলেছেন, “সারা পৃথিবী জুড়ে মানব সম্প্রদায়ের জন্য স্বাস্থ্য এখন হুমকির সম্মুখীন।” এমন বিপর্যয়ের হাত থেকে বিশ্ববাসীকে রক্ষা করার জন্য আস্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা, অধিক বিনিয়োগ এবং অংশীদারিত্ব বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।
