২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে যক্ষায় প্রতিবছর মারা যান ৭০ হাজার মানুষ

বাংলাদেশে যক্ষায় প্রতিবছর ৭০ হাজার মানুষ মারা যান। এই হিসাবে মৃতের সংখ্যা প্রতিদিন প্রায় ২০০ জন। এদেশে প্রাপ্তবয়স্কদের অর্ধেকই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে যক্ষা রোগের জীবাণু দ্বারা সংক্রমিত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 01:36 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

মঙ্গলবার কক্সবাজারে স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সাহায্য সংস্থা ব্র্যাক আয়োজিত ‘যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি : গণমাধ্যমের সহায়তা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব তথ্য জানানো হয়।

শহরের একটি আবাসিক হোটেলে আয়োজিত বৈঠকে আরো জানানো হয়, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ যক্ষার জীবাণু দ্বারা সংক্রমিত। প্রতিবছর ৮০ লাখেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া প্রতিবছর মারা যাচ্ছেন ২০ লাখ মানুষ। বিশ্বে বেশিমাত্রায় যক্ষাপ্রবণ ২২টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ষষ্ঠ অবস্থানে।

কক্সবাজার জেলা প্রেসক্লাব সভাপতি ফজলুল কাদের চৌধুরী গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন।

এতে মূল প্রবন্ধ উপস্থাপনকারী ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা ডা. এরশাদুল হক বলেন, “এইডস প্রতিরোধ করলেই চলে, কিন্তু যক্ষা প্রতিরোধ করা যায় না। তাকে পুরোপুরি নিরাময় করতে হয়। যক্ষা সংক্রামক রোগ, বিশেষ করে ফুসফুসের যক্ষা সহজেই একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়।”

তিনি আরও বলেন, একটা সময় বলা হতো ‘যক্ষা হলে রক্ষা নাই’। কিন্তু এখন যুগ পাল্টেছে। এখন বলা যেতে পারে ‘যক্ষা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই’।

বৈঠকে প্রধান অতিথি কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মোর্তূজা রেজা হাসান বলেন, “এইডস রোগ ধনী গরিব সবার মধ্যেই ছড়ায়। তাই হয়ত এ নিয়ে আলোচনাও বেশি। কিন্তু যক্ষা বেশি ছড়ায় নিম্ন আয় অথবা দরিদ্র মানুষের মাঝে যারা অপরিচ্ছন্ন ঘনবসতিপূর্ণ স্থানে বসবাস করেন।”

কক্সবাজার জেলা সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিসবাউল হক বলেন, “যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, বিশেষ করে যারা অপুষ্ঠিতে ভূগছেন, ডায়াবেটিস আছে, কিডনিতে সমস্যা চলছে ও এইচআইভি/এইডস আক্রান্ত তারাই সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছেন।”

গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দুলাল চন্দ্র পাল ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরোজ কুমার বড়–য়া। এছাড়াও বক্তব্য রাখেন ব্র্যাকের অ্যাডভোকেসি কর্মকর্তা সরওয়ার জাহান ও ব্র্যাক শিক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক স্বাগতম চাকমা।