এশিয়ার মানুষরা বার্ড ফ্লু প্রতিষোধকের স্বাদ নেবেন এই বছর
বার্ড ফ্লু রোগের কার্যকর প্রতিষেধক এখনও পাওয়া যায়নি। তবে যেসব প্রতিষেধক এখন পর্যন্ত কিৎসাবিজ্ঞানীদের হাতে রয়েছে সেগুলো নিয়ে প্রথমবারের মতো পরীক্ষা চালানো হবে হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও তাইওয়ানের বাসিন্দাদের ওপর। প্রায় ১০০০ মানুষকে পরীক্ষামূলকভাবে এই প্রতিষোধক খাওয়ানো হবে। এই প্রকল্পের সঙ্গে জড়িত এক সমন্য়ক এই তথ্য দেন। প্রতিষেধকটি বের করেছেন ইউরোপের এক ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান।
এই প্রকল্পের হংকং শাখার প্রধান গবেষক ড্যানিয়েল চু জানান, “এটা বহুজাতিক তৃতীয় পর্য়ায়ের ক্লিনিক্যাল ট্রায়াল। ১ হাজার মানুষের উপর পরীক্ষাটি চালানো হবে।”
তিনি ওষুধ নির্মাতাদের নাম উল্লেখ না করে আরো জানান, “এই ট্রায়ালের প্রথম ও দ্বিতীয় পর্যায় পরিচালিত হয়েছে ইউরোপে। সে পরীক্ষায় এই ওষুধটি পাশ করেছে। ” তিনি বলেন, “এর ডোজ বা মাত্রাটা বের করাই আসল কাজ। মানব শরীরে কী পরিমান ভ্যাকসিন দিলে সঠিক ভাবে কাজ করবে সেটা জানতে পারলেই আরো অনেককে সারিয়ে তোলা সম্ভব হবে।”
এই প্রতিষোধক পরীক্ষার কাজ বছরের বিভিন্ন সময়ে উল্লিখিত চারটি দেশে শুরু হবে সংশ্লিষ্ট দেশের সরকারের অনুমতি পাওয়া সাপেক্ষে। এপ্রিল মাসে শুরু হবে হংকং-এ। সেখানে ৩৬০ জন সুস্থদেহের স্বেচছাসেবক অংশ নিবেন।
