মুরগি মেরে ফেলার প্রতিবাদ জানিয়েছে পোল্ট্রি খামারের শ্রমিকরা
বার্ড ফ্লু আতঙ্কের মুখে ব্যাপক হারে মুরগি মেরে ফেলার প্রতিবাদ জানিয়েছেন পোল্ট্রি খামারের শ্রমিকরা। শনিবার সাভারে সরকার পরিচালিত একটি পোল্টি খামারে বার্ড ফ্লু আক্রান্ত মুরগি মেরে ফেলার নির্দেশ দেওয়া হলে শ্রমিকরা এর প্রতিবাদ জানান। নির্দেশ বাস্তবায়নে শেষ পর্যন্ত কর্তৃপক্ষকে সেনাবাহিনীর সহায়তা নিতে হয়।
সম্প্রতি যে ছয়টি খামারে এভিয়ান ফ্লু শনাক্ত করা হয়েছে তার মধ্যে এটি একটি। খামারটির অবস্থান সাভারের জিরানি বাজারে। আশেপাশের ঘন বসতিপূর্ণ এলাকায় বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কায় মুরগি মেরে ফেলার নির্দেশ দেয় খামার কৃর্তপক্ষ।
তবে শ্রমিকরা এ নির্দেশ মানতে অস্বীকৃতি জানান। ব্যাপক হারে মুরগি মেরে ফেলার কারণে তাদের জীবিকা হুমকির মুখে বলে শ্রমিকরা মনে করছেন।
জান্নাতুল ফেরদৌস নামে এক শ্রমিক বলেন, “আমরা এটা হতে দিতে পারি না। সব মুরগি শেষ হয়ে গেলে আমরাও না খেয়ে মরবো।”
এ সময় অন্য শ্রমিকরা খামারের বাইরে দাঁড়িয়ে মুরগি না মেরে ফিরে যাওয়ার দাবিতে স্লোগান দিচ্ছিলেন।
খামারের কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মুরগি মেরে ফেলার কাজ শেষ করতে পরে সেনাবাহিনীকে ডাকতে হয়।
পশু সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত কয়েক দিনে ছয়টি খামারের কমপক্ষে ৩০ হাজার মুরগি মেরে ফেলা হয়েছে। এছাড়া, ১২ হাজারের মতো আক্রান্ত মুরগি মারা গেছে।
আক্রান্ত খামারের এক কিলোমিটারের মধ্যে অবস্থিত সব পোল্টি খামার এবং বাড়িতে পালন করা মুরগি মেরে ফেলতে হবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
এদের একজন বলেন, “সরকার এ ভাইরাসের বিস্তার রোধ করতে দৃঢ় প্রতিজ্ঞ।”
দেশের অন্য কোথাও এ ভাইরাসে অস্তিত্ব পাওয়া না যাওয়ায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে সরকার জানিয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ধারণা করছেন, প্রতিবেশী দেশ থেকে এদেশে এইচ৫এন১ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ইতোমধ্যেই ভারত ও মিয়ানমারে এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ঘনবসতিপূর্ণ বাংলাদেশে যেখানে সেখানে পোল্ট্রি শিল্প গড়ে ওঠায় এর প্রাদুর্ভাব আরও বাড়ার আশঙ্কা দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
সরকার আক্রান্ত এলাকা থেকে মুরগি পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর পাশাপাশি সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী সারা দেশে পোল্টি খামারগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এছাড়া, ওইসব খামারে কর্মরত লোকজনের স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে।
