ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটি বড় অংশই পুষ্টিহীনতায় ভুগছে। এমনকি যারা পর্যাপ্ত খাদ্য গ্রহণে সমর্থ তারাও কোনো না কোনো ভাবে সুষম খাদ্য থেকে বঞ্চিত।
বুধবার বিশ্ব খাদ্য কর্মসূচির পুষ্টিমান নিরীক্ষণ তথ্য বিনিময় বিষয়ক এক কর্মশালায় বক্তারা এসব তথ্য দেন। নগরীর খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ বিভাগে (পিএমইউ) অনুষ্ঠিত ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত এ কর্মশালায় বক্তারা সবার জন্য সুষম খাদ্য নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ব্যাপারে তাদের অভিমত তুলে ধরেন।
কর্মশালায় বলা হয়, এক সমীক্ষায় দেখা গেছে মোট জনগোষ্ঠীর ৬৮ শতাংশ অলস জীবন যাপন করলেও তারা প্রয়োজনের তুলনায় বেশি ক্যালরি গ্রহণ করছে। অন্যদিকে, শিশুদের ক্ষেত্রে এ হার উদ্বেগজনক। ১০ বছরের কম বয়সী শিশুরা যে খাদ্য গ্রহণ করছে তাতে তাদের ক্যালরি চাহিদা মিটছে না। আর এই শ্রেণীর মধ্যে আছেন কঠোর পরিশ্রমীরাও।
গড়ে প্রতি জনের জন্য দৈনিক দুই হাজার ১৮৯ ক্যালরি প্রয়োজন হলেও দেখা গেছে গড়ে প্রতি জন পাচ্ছে এক হাজার ৮৯৪ ক্যালরি। ২৯৫ জনের উপর চালানো ক্যালরি গ্রহণ সংক্রান্ত এক সমীক্ষা থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওই সমীক্ষায় আরো দেখা গেছে, ১০ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৪০ শতাংশ ক্যালরি ঘাটতি রয়েছে। আর ১০ বছরের বেশি বয়সের পুরুষরা এক্ষেত্রে আরো বেশি শিকার। পুরুষদের মধ্যে ক্যালরি ঘাটতির পরিমাণ একই বয়স শ্রেণীর নারীদের চেয়ে বেশি।
কর্মশালার শুরুতে খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ বিভাগের মহা পরিচালক প্রণব চক্রবর্তী বলেন, "খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দারিদ্র্য, লিঙ্গ সচেতনতা, খাদ্য পর্যাপ্ততা ও এগুলোর দাম, বাজার পরিস্থিতি ও উচ্চ মূল্য- এ সব বিষয় মাথায় রাখতে হবে। এই সমীক্ষা আমাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়ক হবে।"
বিআইডিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছয় সদস্যের একটি গবেষক দল এই গবেষণা পরিচালনা করেন। গবেষণায় নেতৃত্ব দেন বিআইডিএস এর গবেষণা পরিচালক ড. কে এ এস মুরশিদ। ২০০৭ সালের জুলাই মাসে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তত্ত্বাবধানে ও ডিএফআইডি এর সহযোগিতায় এ গবেষণা কাজটি শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমএ/১৫১৪ঘ.
bdnews24