ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় সংক্রমিক রোগ নির্ণয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে।
রোববার স্বাস্থ্য উপদেষ্টা এ এস এম মতিউর রহমানের সভাপতিত্বে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
বিশেষজ্ঞরা রোগটিকে ভাইরাস সংক্রমণ বলেই প্রাথমিকভাবে সনাক্ত করেছেন।
গত নয় দিনে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় ওই রোগে ২১ জনের মৃত্যু হয়েছে। যার বেশিরভাগই শিশু। সিলেট ওসমানী মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২৫ জন। গোয়াইনঘাট উপজেলার লাঠি গ্রামে প্রথম এ রোগটি ধরা পড়ে। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে।
রোগক্রান্ত সবার প্রথমে ডায়রিয়া হয়, তারপরই অবিরত বমি হতে শুরু করে। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে তারা।
স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রধান হলেন অধ্যাপক দীন মোহাম্মদ। কমিটিতে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ আবুল ফয়েজ, নিপসম এর পরিচালক অধ্যাপক জাফর উল্লাহ চৌধুরী, অধ্যাপক আনিসুর রহমান, শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক সেলিম সাকুর, বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান।
বিশেষজ্ঞ দলটির সোমবার সিলেট যাওয়ার কথা রয়েছে।
এদিকে এ রোগটির বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিঃসা বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা প্রাথমিকভাবে রোগটিকে 'হেপাটো টকসিসিটি', 'লিভার ইনফেকশন' অথবা 'এনকাফালাইটিস' বলে সন্দেহ করছি। তবে এই অজ্ঞাত রোগটি 'হেপাটো টকসিসিটি' রোগই হতে পারে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/এসএম/এমআই/১৮২৫ ঘ.
bdnews24