ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নীলফামারী, চাপাইনবাবগঞ্জ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। শ্রীমঙ্গলের চা শ্রমিক পল্লীতে ২৪ ঘণ্টায় এ রোগে ছয়জন মারা গেছে বলে দাবি করেছে স্থানীয়রা। প্রশাসন অবশ্য তিনজনের মৃত্যুর কথা স্বীকার করেছে।
আমাদের মৌলভীবাজার প্রতিনিধি জানান, শ্রীমঙ্গলের রাজঘাট এলাকার চা শ্রমিক পল্লীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ডায়রিয়ায় ছয়জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানায়। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তারা অবশ্য তিনজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।
রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাখন লাল কর্মকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডায়রিয়ায় মোট ছয় জন শ্রমিক মারা গেছেন। এরা হলেন, নীলাম্বর তাঁতি (৪৬), ধীরেন তাঁতি (২০), ময়না তাঁতি (৪৬), শুকলাল উড়িয়া (৪৫), চামুনি হাড়িয়া (২২) ও খাসিয়া হাড়িয়া (৬০)।
এর মধ্যে নীলাম্বর তাঁতি ছাড়া অন্যরা কোনো চিকিৎসা কেন্দ্রে যাননি বলে ইউপি চেয়ারম্যান জানান। তিনি বলেন, চা বাগানগুলোর আরও শতাধিক শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
এদের মধ্যে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ২৩ জন, রাজঘাট চা বাগান চিকিৎসা কেন্দ্রে ছয়জন ও সিন্দুরখান চা বাগান চিকিৎসা কেন্দ্রে তিনজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডায়রিয়ার প্রকোপের বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসক নজিবুস শহীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত দুই দিনে ডায়রিয়া আক্রান্ত ২৩ জনকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে।
স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক হরিপদ রায় বলেন, "ডায়রিয়ায় তিনজন চা শ্রমিককের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আরও মৃত্যুর বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।"
তিনি আরো জানান, রাজঘাট এলাকায় চা শ্রমিকপল্লীতে রোববার থেকে তিনটি মেডিকেল টিম কাজ করছে। সেখানে বিতরণের জন্য তিন হাজার ব্যাগ খাবার স্যালাইন ও ১৬ হাজার পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বরাদ্দ দেওয়া হয়েছে।
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীতে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। গত এক সপ্তাহে জেলায় ৫১৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নীলফামারীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
রোববার সকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় নীলফামারী সদর হাসপাতালে ৩০জন রোগী ভর্তি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগের ৭০টি মেডিকেল টিম কাজ করছে।
নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মজিদ বলেন, গত এক সপ্তাহে নীলফামারীতে ৫১৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
তিনি জানান, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রচণ্ড গরম ও রাতে ঠাণ্ডার কারণে লোকজন ডায়রিয়াসহ পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে। এছাড়াও মঙ্গার কারণে লোকজন শুধু কচু-ঘেচু, কলার থোর, শাপলা ফুলের ডাটা সিদ্ধ করে খাওয়ায় পেটের পীড়ায় ভুগছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চলতি মাসে ছয়জন মারা গেছেন। ডায়রিয়া আক্রান্ত দুজন রোগীর মলে প্রাথমিকভাবে কলেরার জীবাণুু পাওয়া গেছে। সোমবার সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে ১৫৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় কর্মকর্তারা জানান, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ হাজার ৪ জন ডায়রিয়া রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার সদর হাসপাতাল ঘুরে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না পেয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছেন করিডোরে। সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ১০ শয্যার বিপরীতে প্রতিদিন রোগী ভর্তি হচ্ছেন ৪০ থেকে ৫০ জন।
চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রবিউল ইসলাম জানান, চারজন ডায়রিয়া রোগীর মলের নমুনা পরীক্ষার জন্য কিছুদিন আগে ঢাকার আইসিডিডিআরবি'তে পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে দুজনের নমুনায় কলেরা জীবাণুু পাওয়া গেছে। অন্য দুজনের রিপোর্ট এখনও জানা যায়নি।
তিনি জানান, সদর হাসপাতালে তিনজন চিকিৎসক ও তিনজন নার্সের সমন্বয়ে বিশেষ ডায়রিয়া সেল গঠন করা হয়েছে। এছাড়া জেলায় ডায়রিয়া নিয়ন্ত্রণে ৬৪টি মেডিকেল টিম মাঠ পর্যায়ে কাজ করছে।
সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম জানান, গত কয়েক বছরের তুলনায় এ বছর ডায়রিয়ার প্রকোপ বেশি। স্থানীয় দরিদ্র মানুষদের অসচেতনার কারণে ডায়রিয়া বেড়েছে। তবে গত কয়েকদিনে ডায়রিয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/এসএনডি/২২৪২ ঘ.
bdnews24