ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখা ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার না করার কারণে অধিকাংশ পানিবাহিত রোগ হয়ে থাকে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা এ এস এম মতিউর রহমান।
ওসমানী স্মৃতি মিলনায়তনে সোমবার 'স্যানিটেশন মাস' উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা আরও বলেন, "পয়নিষ্কাশন সুবিধা নিশ্চিতকরণের ব্যাপারে সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের অগ্রগতি যথেষ্ট ভালো। ২০০৩ এর অক্টোবরে পয়নিষ্কাশন কর্মসূচি শুরুর পর থেকে এবছরের জুন পর্যন্ত দেশের ৮৫ শতাংশ মানুষ পয়নিষ্কাশন সুবিধার আওতায় এসেছে। আমাদের লক্ষ্য ২০১০ সালের মধ্যে দেশজুড়ে শতভাগ পয়নিষ্কাশন সুবিধা নিশ্চিত করা।"
উপদেষ্টা বলেন, "স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার না করা স্বাস্থ্যকর জীবন-যাপনের অন্যতম অন্তরায়। শিশুমৃত্যুর অন্যতম কারণ ডায়রিয়া ও পুষ্টিহীনতা। তাই স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের কোনো বিকল্প নেই।"
দেশে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের চিকিৎসায় বছরে গড়ে পাঁচশ কোটি টাকা ব্যয় হয় বলে জানান তিনি।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ২০০৩ এ পয়নিষ্কাশন কর্মসূচি শুরুর সময় দেশে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী পরিবার ছিল ৩৩ দশমিক ২১ শতাংশ। কিন্তু চার বছর পর এই হার বেড়ে দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৭৩ শতাংশ। এখন পর্যন্ত চারটি জেলা, ৫৪টি পৌরসভা, ৯৫টি উপজেলা, ১২০০ ইউনিয়ন পরিষদ ও ঢাকা সিটি করপরেশনের তেজগাঁও এলাকা শতভাগ পয়নিষ্কাশন সুবিধার আওতায় এসেছে।
অনুষ্ঠানে বাংলাদেশে ইউনিসেফ এর প্রতিনিধি লুই জর্জেস আর্সেনাল, বাংলাদেশে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডুয়াংভাদি সুংখবল ও ডেনমার্কের রাষ্ট্রদূত আইনার এইচ জেনসেনও উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান শেষে উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে 'স্যানিটেশন মাস' এর উদ্বোধন ঘোষণা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/টিএইচ/এসএনডি/১০৩১ ঘ.
bdnews24