২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্ক কেনা বন্ধ করুন: যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল

যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের প্রতি মাস্ক কেনা বন্ধের অনুরোধ জানিয়েছেন দেশটির সার্জন জেনারেল জেরোম অ্যাডামস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2020, 08:20 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

শনিবার এক টুইটে তিনি লিখেছেন, “ফেইস মাস্ক কেনা বন্ধ করুন।”

করোনাভাইরাস নিয়ে উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ মাস্ক কিনতে লাইন ধরায় স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি এই সুরক্ষা সরঞ্জামের মজুদে টান পড়ায় তিনি এই অনুরোধ করেছেন বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ডা. অ্যাডামস লিখেছেন, “করোনাভাইরাস থেকে সাধারণ মানুষের সুরক্ষার জন্য এগুলো কার্যকর নয়। কিন্তু অসুস্থদের সেবা-যত্নের জন্য স্বাস্থ্য সেবাদাতারা যদি তা না পান তাহলে এটা তাদের ও আমাদের কমিউনিটিকে ঝুঁকিতে ফেলবে।”

হাত ধোয়া, অসুস্থ বোধ করলে ঘরে থাকা এবং ‘নিত্যদিনকার প্রতিরোধমূলক পদক্ষেপ’ গ্রহণই করোনাভাইরাস থেকে সুরক্ষার সবচেয়ে ভালো উপায় বলে পরামর্শ দিয়েছেন তিনি।

ফ্লুর রোগী কম হলে করোনাভাইরাস আক্রান্তদের সামাল দিতে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ বেশি থাকবে বলে লোকজনকে ফ্লুর টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের শীর্ষ পদের এই চিকিৎসক।

Image
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ, সেই সঙ্গে দেখা দিয়েছে মাস্ক কেনার হিড়িক। ইকুয়েডরের একটি দোকানে মাস্ক ক্রেতাদের ভিড়। ছবি-রয়টার্স

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ, সেই সঙ্গে দেখা দিয়েছে মাস্ক কেনার হিড়িক। ইকুয়েডরের একটি দোকানে মাস্ক ক্রেতাদের ভিড়। ছবি-রয়টার্স

সিএনএন বলছে, যুক্তরাষ্ট্রে মাস্কের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধির প্রেক্ষাপটে এই টুইট করা হয়েছে। দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকেই সুরক্ষার অংশ হিসেবে মাস্ক কিনছেন। যদিও যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টার এবং দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, করোনাভাইরাস ঠেকাতে মাস্কের ব্যবহার অপ্রয়োজনীয়।

ডা. অ্যাডামসের শঙ্কা অনুযায়ী, মাস্কের মজুদ ফুরিয়ে গেলে স্বাস্থ্য সেবাকর্মীরাও সেগুলো পাবে না যদিও তারাই এই রোগ সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে।

যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের অধ্যাপক উইলিয়াম শাফনার মাস্ক কিনতে লোকজনের দৌড়ঝাঁপকে ‘মানসিক বিষয়’ হিসেবে বর্ণনা করেছেন।  

জনগণের এই ভাবনাকে তিনি ব্যাখ্যা করেছেন: “করোনাভাইরাস আসছে, আমরা আরও অসহায় হয়ে পড়ছি। মাস্ক কিনে এবং সেগুলো পরে আমরা ভাবছি, আমরা যে কোনো ভাবে নিজেদের সুরক্ষিত করে ফেলছি।”

এদিকে যুক্তরাষ্ট্রজুড়ে মাস্কের মজুদ ফুরিয়ে গেছে। অনলাইনের অনেক অর্ডার বাতিল করা হয়েছে।

শ্বাসতন্ত্রের যে কোনো রোগের বিস্তার ঠেকাতে কয়েকটি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন:

অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা।

চোখ, নাক ও মুখে হাত দেওয়া বন্ধ করা।

অসুস্থ হলে স্কুল বা কাজে না গিয়ে ঘরে থাকা।

হাঁচি-কাশির সময় টিস্যু ব্যবহার এবং তা ময়লার ঝুড়িতে ফেলা।

যেসব জিনিস প্রায়ই ধরা হয় বা যে জায়গা বেশি ব্যবহার করা হয় সেগুলো পরিষ্কার ও জীবাণুমক্ত করা।

অন্তত ২০ সেকেন্ড পানি ও সাবান দিয়ে হাত ধোয়া, বিশেষত, বাথরুমে যাওয়ার পরে, খাওয়ার আগে এবং হাঁচি, কাশি বা নাক ঝাড়ার পরে।

সাবান ও পানি পাওয়া না গেলে অ্যালকোহল মিশ্রিত স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে।

নোংরা দেখা গেলে অবশ্যই সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে।