জিকা সঙ্কট: ব্রাজিলেই অলিম্পিকের পক্ষে ডব্লিউএইচও
জিকা ভাইরাস বিস্তারের ঝুঁকির কারণে অলিম্পিকের এবারের আসর ব্রাজিল থেকে সরিয়ে নেওয়া বা স্থগিত করার আহ্বান বাতিল করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ডব্লিউএইচও-র পক্ষ থেকে বলা হয়, “এটার (অলিম্পিক সরিয়ে নিয়ে বা স্থগিত করে) মাধ্যমে জিকা ভাইরাস বিস্তারের সুনির্দিষ্ট কোনো পরিবর্তন হবে না।”
ডব্লিউইএইচও-র পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “ব্রাজিল ছাড়াও আরো প্রায় ৬০টি দেশ ও অঞ্চলে মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য আমাদের হাতে আছে।”
“নানা প্রয়োজনে মানুষ ওইসব দেশ ও অঞ্চলে ভ্রমণও করছে। এই ভাইরাসে আক্রান্ত হওয়া রোধ করার সবচেয়ে ভালো উপায় হলো গণস্বাস্থ্য ভ্রমণ পরামর্শ অনুসরণ করা।”
ব্রাজিলে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব এবং আসন্ন অলিম্পিক গেমস নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় প্রায় ১৫০ বিজ্ঞানী ডব্লিউএইচও বরাবর একটি খোলা দেন। যাদের মধ্যে অক্সফোর্ড, হার্ভার্ড ও ইয়াল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরাও রয়েছেন।
চিঠিতে তারা বলেন, জিকা ভাইরাস নিয়ে নতুন নতুন গবেষণায় যেসব তথ্য উঠে আসছে তাতে ব্রাজিলে অলিম্পিক গেমস আয়োজনের কাজ এগিয়ে নেওয়া ‘অনৈতিক’ হবে।
“গেমসের জন্য সারা বিশ্ব থেকে পাঁচ লাখের বেশি মানুষ ব্রাজিল যাবে এবং তাদের অকারণে ঝুঁকির মধ্যে পড়তে হবে। তারা হয়তো জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ দেশে ফিরে যাবে এবং তার মাধ্যমে সেখানে এই ভাইরাসের বিস্তার ঘটতে পারে।”
জিকা ভাইরাস বিষয়ে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাটির নিজেদের নির্দেশিকা পুনপর্যবেক্ষণ করা উচিত বলেও মনে করেন বিজ্ঞানীরা।
এর আগে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিও (আইওসি) ব্রাজিল থেকে অলিম্পিক গেমস সরিয়ে নেওয়া বা স্থগিত করার সম্ভাবনা বাতিল করে দিয়ে বলেছিল, আমাদের মনে হয় না এর কোনো কারণ আছে।
এক বছর আগে ব্রাজিলে মশা বাহিত ভাইরাস জিকার প্রাদুর্ভাব হয়। বর্তমানে ৬০টির বেশি দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে খুব একটা শারীরিক সমস্যায় পড়তে হয় না। আক্রান্ত ব্যক্তির মাঝারি মাত্রার জ্বর, গায়ে ব্যাথা, চোখে প্রদাহ ও সামান্য র্যাশ দেখা দিতে পারে।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় শিশুদের এই অবস্থাকে মাইক্রোসেফালি বলে।
মাতৃগর্ভে থাকার সময় শিশুর মস্তিষ্কের গঠন সম্পূর্ণরূপে না হলে তাকে মাইক্রোসেফালি বলে।
মাইক্রোসেফালি আক্রান্ত শিশুর শারীরিক ও বুদ্ধিবৃত্তির বিকাশ ঠিকঠাক মত হয় না। অনেক সময় এই ধরণের শিশুরা জন্মের পরপরই মারা যায়।
৫ অগাস্ট ব্রাজিলের রিও দে জেনেইরোতে শুরু হবে অলিম্পিকের ৩১তম আসর, চলবে ২১ অগাস্ট পর্যন্ত।
এর আগে গণস্বাস্থ্যের ঝুঁকির কারণে অলিম্পিকের কোনো আসরই সরিয়ে নেওয়া হয়নি।
তবে ২০০৩ সালে সার্স ভাইরাসের কারণে নারী বিশ্বকাপের আয়োজন চীন থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল।
