২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিকা ভাইরাস: এবার পানামায় ছোট মাথার শিশুর জন্ম

পানামায় মাইক্রোসেফালিতে আক্রান্ত একটি শিশুর জন্ম হয়েছে। এর সঙ্গে জিকা ভাইরাসের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 09:30 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

কারণ শিশুটির আমবিলিক্যাল কর্ডে (নাভিরজ্জু) জিকা ভাইরাস  সনাক্ত হয়েছে।

গত বছর থেকে ব্রাজিলে জিকা ভাইরাসের প্রদুর্ভাব হওয়ার পর দেশটিতে প্রায় ৮৬০টি শিশু মাইক্রোসেফালি বা ছোট মাথা নিয়ে জন্মগ্রহণ করেছে।

শুধু ব্রাজিল নয় বরং আমেরিকা মহাদেশের প্রায় সবগুলো দেশেই এডিস মশাবাহী জিকা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে ধারণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)।

তবে ব্রাজিলের বাইরে এই প্রথম কোনো দেশে মাইক্রোসেফালি আক্রান্ত শিশুর জন্ম হলো, যার পেছনে জিকা ভাইরাস দায়ী বলে ধারণা করা হচ্ছে।

মাইক্রোসেফালিতে আক্রান্ত শিশু মাতৃগর্ভে থাকার সময় তার মস্তিষ্কের বিকাশ সম্পূর্ণরূপে হয় না। ফলে এই সব শিশুরা বুদ্ধি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী এমনকি শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে।

জিকা ভাইরাসের সঙ্গে মাইক্রোসেফালি আক্রান্ত শিশুর জন্ম হওয়ার সম্পর্ক থাকার বিষয়টি এখনও স্পষ্টভাবে প্রামাণিত নয়।

তবে সম্প্রতি এ সংক্রান্ত বেশ কয়েকটি গবেষণায় জিকার সঙ্গে মাইক্রোসেফালির সরাসরি সম্পর্ক থাকার ইঙ্গিত পাওয়া গেছে।

যদিও পানামায় যে শিশুটি মাইক্রোসেফালি নিয়ে জন্ম গ্রহণ করেছে তার মায়ের গর্ভকালীন সময়ে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নেই।

জন্মের চার ঘণ্টার মাথায় শিশুটি মারা যায়।

জিকা ভাইরাস এবং মাইক্রোসেফালির মধ্যে সম্ভাব্য সম্পর্ক থাকার আশঙ্কায় বিশ্ব জুড়ে গণস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ডব্লিউএইচও।

এছাড়া কলম্বিয়াসহ আমেরিকা মহাদেশের আরো কয়েকটি দেশের সরকার এ সময় নারীদের গর্ভধারণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।