২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগী জিম্মি করবেন না, অন্য কর্মসূচি দিন: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকদের কাজ বন্ধ রাখার খবরের প্রেক্ষাপটে চিকিৎসকদের ধর্মঘটের মতো কর্মসূচি পালন না করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2016, 06:53 PM

Updated : 12 Apr 2022, 01:25 AM

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকরা বিএসএমএমইউতে ধর্মঘটের কারণে অস্ত্রোপচার বিঘ্নিত হচ্ছে বলে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী এ অনুরোধ করেন।

বিশ্ববিদ্যালয় হিসেবে বিএসএমএমইউ নিজস্ব আইন ও অর্থায়নে চলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাংবাদিকদের বলেন, “তবে আপনারা যেহেতু আমার ‘নলেজে’ দিয়েছেন, আমি বিষয়টি দেখব।”

অনুষ্ঠানে পোলিও নির্মূলে সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশকে সনদ দেয় জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

রোগীদের জিম্মি করে চিকিৎসকদের ধর্মঘট করা উচিত কি না- মন্তব্য জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এ বিষয়ে আমার অবস্থান অত্যন্ত পরিষ্কার। আগেও বলেছি, রোগীকে জিম্মি করে কোনো পেশার মানুষেরই কোনো ধর্মঘটে যাওয়া উচিত নয়। ডাক্তারদের ক্ষেত্রে তো নয়ই।

“আমি বলি, কারও যদি অভিযোগ থাকে, আপনি মানববন্ধন বা অন্য কর্মসূচি পালন করেন। কিন্তু রোগী জিম্মি করা যাবে না। চিকিৎসকরা একটি সংবেদনশীল জায়গার অবস্থান করেন বলে তাদের অনুরোধ করি এ বিষয়টি পরিহার করার জন্য।”

বিএসএমএমইউর সার্জারি অনুষদের ১৩টি বিভাগ অ্যানেসথেশিওলজি বিভাগের উপর নির্ভরশীল, যেখানে দিনে গড়ে ১৫০টি অস্ত্রোপচার হয়।

গণমাধ্যমের খবর, শনিবার বিভাগের একজন চিকিৎসকের সঙ্গে হেপাটোলজি বিভাগের চিকিৎসকের কথা কাটাকাটির জেরে রোববার ধর্মঘট করেন অ্যানেসথেশিওলজি বিভাগের চিকিৎসকরা। এ কারণে বিঘ্নিত হয় অস্ত্রোপচার।