বয়সের রাশ টেনে ধরবে অধিক সন্তান!
বেশিদিন বাঁচতে চান? তাহলে বেশি বেশি সন্তান নিতে পিছপা হবেন না। অধিক সন্তান জন্মদান দৈহিকভাবে নারীদের বুড়িয়ে যাওয়ার গতি শ্লথ করে দিতে পারে। মজার এক গবেষণায় বেরিয়ে এসেছে এমন তথ্যই।
কানাডার সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষণা করে দেখেছেন, যেসব নারী বেশি সন্তানের মা হয়েছেন তাদের টেলোমেয়ার দীর্ঘ।
মানব কোষের গুরুত্বপূর্ণ উপাদান টেলোমেয়ার। ক্রোমোজোমের অগ্রভাগে থাকা ডিএনএ- এর এই কাঠামোটির দৈর্ঘ কমে এলে কোষ বুড়িয়ে যায়। ছোট আকৃতির টেলোমেয়ার অকাল বার্ধক্য ডেকে আনে। আর টেলোমেয়ার দীর্ঘ হলে বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াটাও হয়ে পড়ে ধীর।
গবেষকরা গুয়েতেমালার ৭৫ জন নারীর উপর ১৩ বছর ধরে পরীক্ষা চালান। ওই সময়ে দুইবার তাদের টেলোমেয়ারের দৈর্ঘ্য পরীক্ষা করেন তারা।
সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের হেল্থ সায়েন্স বিভাগের অধ্যাপক পাবলো নেপোমনাসাই বলেন, “গবেষণার এ ফল জীবনের ইতিহাস তত্ত্বের সঙ্গে বিরোধপূর্ণ। জীবন ইতিহাস তত্ত্বে অনুমান করা হয়, অধিক সন্তান জন্ম দিলে মানবদেহের বয়স দ্রুত বাড়তে থাকে।”
“আমরা দেখেছি গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে যাদের বেশি সন্তান আছে তাদের টেলোমেয়োরের আকৃতি ছোট হয়ে যাওয়ার গতি ধীর। খুব সম্ভবত শরীরে এস্ট্রোজেন হরমন নাটকীয়ভাবে বেড়ে যাওয়ার কারণেই এটা হয়।”
গর্ভধারণের সময় নারীদের শরীরে এস্ট্রজেন হরমন নিঃসরণ হয়। এস্ট্রজেন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেটি কোষে টেলোমেয়ারের ক্ষয় রোধ করে।
