১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

স্বাস্থ্য ব্যবস্থাটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে চাই: সামন্ত লাল সেন

“আমার সবচেয়ে বড় ফোর্স হচ্ছেন আমাদের চিকিৎসক সমাজ, নার্স, ওয়ার্ড বয় সবাই যদি আমাকে সাহায্য করে তাহলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা আমার জন্য কঠিন কিছু নয়।”

স্বাস্থ্য ব্যবস্থাটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে চাই: সামন্ত লাল সেন

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে বৃহস্পতিবার সংবর্ধনা অনুষ্ঠানে নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 07:37 PM

Updated : 18 Jan 2024, 08:37 PM

পোড়া রোগীদের চিকিৎসায় যে প্রতিষ্ঠানটি নিজে হাতে গড়ে তুলেছেন ডা. সামন্ত লাল সেন; দেশের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি সংবর্ধিত হলেন। 

বৃহস্পতিবার ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধন অনুষ্ঠানে তিনি বলেছেন, সংশ্লিষ্ট সবার সহায়তা পেলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি ভালো অবস্থানে নিয়ে যেতে চান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সরকারে টেকনোক্র্যাট হিসেবে স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন ডা. সামন্ত লাল সেন। আগে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ছিলেন, পাশাপাশি দেশের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটগুলোর জাতীয় সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।

অনুষ্ঠানে ডা. সামন্ত লাল সেন বলেন, মন্ত্রী হিসেবে তার সাফল্য নির্ভর করছে পুরো স্বাস্থ্যখাতের ওপর। বিশেষ করে মন্ত্রণালয়ের কর্মকর্তা, চিকিৎসকরা যদি সহায়তা করেন।

“আমার সবচেয়ে বড় ফোর্স হচ্ছেন আমাদের চিকিৎসক সমাজ, নার্স, ওয়ার্ড বয় সবাই যদি আমাকে সাহায্য করে তাহলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা আমার জন্য কঠিন কিছু নয়। আমার চাওয়ার কিছু নাই, আমি ডালভাত খেতে পারলে বাঁচি। কিন্তু আমার একটা স্বপ্ন, আমি চেষ্টা করব স্বাস্থ্য ব্যবস্থাটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার সিনসিয়ারলি, অনেস্টলি।”

সামন্ত লাল বলেন, মন্ত্রী হলেও সপ্তাহে একদিন তিনি এ হাসপাতালে আসবেন। ‘প্রধানমন্ত্রীও তাকে বলেছেন’, তিনি যেন বার্ন ইনস্টিটিউট না ছাড়েন।

প্রধান অতিথির বক্তব্য স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের কিছু ঘটনা নিয়ে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী তাকে বলেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, বিশেষ করে শিশু আয়ানের মৃত্যুর ঘটনা।

Image

নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে বৃহস্পতিবার ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট মিলনায়তনে সংবর্ধনা দেওয়া হয়।

“প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, এরকম দুর্ঘটনা কেন ঘটছে তা খতিয়ে দেখতে হবে। প্রথমেই যে ডাক্তারের দোষ ধরা এটা ঠিক না। আমি বললাম তা তো ঠিক। আমার চিকিৎসক দায়ী কি না আমাদের দেখতে হবে। ওই ক্লিনিকের কি স্ট্যান্ডার্ড ছিল… আরও অনেক কিছু দেখতে হবে।”

সামন্ত লাল সেন বলেন, তিনি চিকিৎসক হিসেবে সারা বাংলাদেশে ঘুরেছেন। কোথায় কি সমস্যা তা তিনি খুব ভালোভাবে জানেন। কিন্তু চিকিৎসকদের ভালো রাখতে না পারলে তারা ভালো সেবা দিতে পারবে না।

“একটা কথা আছে ডাক্তাররা গ্রামে যায় না। কিন্তু প্রশ্ন হল, ডাক্তাররা কেন গ্রামে যেতে চায় না। আমার একজন মেয়ে পটুয়াখালীতে মেডিকেল অফিসার ছিল। তার বাসায় হামলা হয়েছে। তবে প্রয়োজনীয় সুবিধা, নিরাপত্তা দিয়েও যদি দেখি সে থাকছে না, তাহলে অবশ্যই ব্যবস্থা নেব। আমি কোনোদিন এগুলো সহ্য করব না।”

Image

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে বৃহস্পতিবার সংবর্ধনা অনুষ্ঠানে নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

সামন্ত লাল সেনের স্ত্রী রত্না সেন,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিঞা, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আওয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।