ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ১৩ রোগী
তাদের মধ্যে সাতজন ভর্তি হয়েছেন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে।
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩ জন; এ সময়ে এইডিস মশাবাহিত এ রোগে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে সাতজন ভর্তি হয়েছেন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে। এর বাইরে বরিশাল বিভাগে ছয়জন রোগী ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৪ জনে। এর মধ্যে মারা গেছেন ৩৩ জন।
দেশের বিভিন্ন হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত ১৩৫ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৭১ জন; ঢাকার বাইরে ছিলেন ৬৪ জন।
চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।
মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে পাঁচজনের হয়েছে। এপ্রিলে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। ১৮ মে পর্যন্ত ৩৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে নয়জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
