২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু কেড়ে নিল হাফসাকে, ‘ভাইকে’ দেখা আর হল না

তিন দিনের জ্বরে সন্তানের মৃত্যু এখনো অবিশ্বাস্য ঠেকছে মায়ের কাছে।

ডেঙ্গু কেড়ে নিল হাফসাকে, ‘ভাইকে’ দেখা আর হল না

হাফসার পড়ার টেবিল এখন খাঁ খাঁ করে

কাজী নাফিয়া রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 04:00 PM

Updated : 14 Oct 2023, 05:21 PM

পড়ার টেবিলে ওপরের তাকে ছোট্ট পানির পট, কয়েকটি কৌটায় শুকনো খাবার; নিচের তাকে বই-খাতা, স্কুল ব্যাগ- সব আগের মতই আছে। শুধু নেই সেই প্রাণোচ্ছল শিশুটি, যার দিনের অনেকটা সময় ব্যস্ততায় কাটত এই টেবিলেই।

ডেঙ্গুতে চলতি বছর যে রেকর্ড ১ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে, তাতে যোগ হয়েছে মিরপুরের হাফসাতুন্নেসা তাসনিমের নাম।

Image

মিরপুরের এক মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত হাফসা

এইডিস মশাবাহিত রোগের সঙ্গে লড়ে ৯ বছরের হাফসা এমন সময়ে পৃথিবী ছেড়েছে, যখন তার পরিবার নতুন অতিথির অপেক্ষায়।

তার মা রাকিবা আক্তার রূপা জানান, অক্টোবরে ‘ভাই হবে’ এ নিয়ে অপেক্ষার তর সইছিল না হাফসার।

মেয়েকে হারিয়ে মা’র কান্না যেন থামছিলই না।

“ভাই আসবে, জেনে কী যে খুশি হইছিল! সারাক্ষণ শুধু বলত, মা ভাইয়া কবে আসবে? কবে ভাইয়াকে কোলে নিব?”

মিরপুর-২ নম্বরের বাসিন্দা আবুল কালাম হাফেজ ও রাকিবা আক্তার রূপার মেয়ে তৃতীয় শ্রেণি শিক্ষার্থী হাফসা গেল সেপ্টেম্বরে জ্বরে আক্রান্ত হয়। মা অন্তঃসত্ত্বা থাকায় বাড়তি যত্নের জন্য তাকে পাঠানো হয় একই গলিতে বড় খালার বাসায়। এরপর আর বাড়ি ফেরা হয়নি হাফসার। ১৮ সেপ্টেম্বর মারা যায় হাফসা। আর তার জন্মদিন ছিল ২১ সেপ্টেম্বর।

তিনদিনের জ্বরে সন্তানের মৃত্যু এখনো অবিশ্বাস্য ঠেকছে মায়ের কাছে।

রূপা বলেন, “মেয়েটা আমাকে বলছিল, জন্মদিনে বিরিয়ানি রান্না করতে। আমার বিরিয়ানি রান্না করা হল না, মেয়ের খাওয়াও হল না। মেয়েটা কেন এভাবে চলে গেল?

“ওর ভাইরে দেখতে পারল না। আমার মেয়েটা শুধু বেঁচে থাকত, আর কিছুর দরকার ছিল না। তিনদিনের জ্বরে কেউ এভাবে মারা যায়? আমার ঘরটা খালি হয়ে গেছে। জ্বরের দিনও ছোট বোনের সাথে গাড়ি নিয়ে খেলছে বাসার সামনে। আর এখন ও নাই।”

হাফসার বড় খালা মর্জিনা আক্তার রিপাও অনবরত কেঁদেই যাচ্ছিলেন।

Image

হাফসার বাবা আবুল কালাম হাফেজ

হাফসার বই-খাতা দেখাতে দেখাতে বললেন,“এতো অল্পতেই আমাদের মেয়েটা খুশি হতো! এতো লক্ষ্মী ছিল। আমাদের ফ্যামিলির প্রথম বাচ্চা হাফসা। আমার বিয়ের পর অনেক বছর বাচ্চা হয়নি। আমি হাফসাকে আমার সন্তানের মতই ভালবাসতাম। কিন্তু ওকে আমরা বাঁচাতে পারলাম না।

“এতো ফুটফুটা একটা বাচ্চা, ওর তো কোন রোগবালাইও ছিল না। আমরা বিশ্বাস করতে পারছি না, ও চলে গেছে।

ক্ষোভ চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে

রিপা জানান, তিনদিন পর জ্বর ভালো হয়ে গেলে আর কোনো টেস্টের প্রয়োজন নেই বলে জানিয়েছিলেন চিকিৎসক।

“চতুর্থ দিন জ্বর ভালো হয়ে গেছিল। কিন্তু ওইদিন রাতে (১৫ সেপ্টেম্বর) দেখলাম হঠাৎ ও নিচে বসে পড়ছে। বলল, বুকে ব্যথা করতেছে। সাথে সাথে ওর বাবাকে বলে সিবিসি, ডেঙ্গু টেস্ট করালাম।

“ওর বাবা তখন জরুরিভাবে রিপোর্ট নিয়ে দেখল প্লাটিলেট ২৩ হাজারে নেমে গেছে। চিকিৎসক পিআইসিইউতে ভর্তি করতে বললেন। এরপর অনেক জায়গায় পিআইসিইউ এর জন্য ফোন দেওয়া হইছে। অ্যাম্বুলেন্স নিয়ে আমরা রাত সোয়া ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে গেলাম, সব জায়গা থেকে ফেরত দিল, সিট নাই।”

Image

হাফসার মা রাকিবা আক্তার রূপা

পরে রাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের পিআইসিইউতে ভর্তি করানো হয় হাফসাকে।

“ডাক্তার পরদিন বলল, ওর শরীরে পানি চলে আসছে। ১০ শতাংশ বাঁচার আশা আছে। যে কোনো সময় ওকে আমরা হারিয়ে ফেলতে পারি। এক পারসেন্ট যখন বলছে, তখনও আমরা আশা ছাড়ি নাই,” বলেই কেঁদে ফেলেন রিপা।

“ও এভাবে আমাদের ছেড়ে চলে যাবে, আমরা বুঝতে পারি নাই। তিন দিনের জ্বরে ও চলে যাবে এটা আমি বিশ্বাসই করতে পারি না। শেষ পযন্তও আমরা একটা মিরাকলের আশায় ছিলাম।”

হাফসার বাবা আবুল কালাম হাফেজ বলেন, “আমাকে আমার মেয়ে বলছিল- আব্বু আমি বাসায় যাব। বাসায় ঠিকই নিয়ে আসছি, কিন্তু ওর লাশ। ওর চিরস্থায়ী বাসায় ওকে আমরা রেখে আসছি।”

অ্যাম্বুলেন্স চালক আবুল কালাম হাফেজ ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “সরকারকে বলে কী লাভ? মশার ওষুধের পরিবর্তে কেরোসিন মিশায় দেয়। স্বাস্থ্যখাতে অনেক দুর্নীতি। স্বাস্থ্যমন্ত্রী কোনোদিন কোনো হাসপাতালে গিয়ে তদারকি করছে? কী চিকিৎসা দেওয়া হচ্ছে সেটা মাশরাফির মত সরাসরি গিয়ে দেখছে কোনোদিন?

“উনি ব্যবস্থা নিলে তো আমরা সাধারণ মানুষ ভুক্তভোগী হতাম না। এই ডেঙ্গুতে কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখতে হত না। আমার মত অনেক বাবার কোল খালি হইছে। ডেঙ্গু যে মৌসুমটায় হয়, সে সময়টায় ব্যবস্থা নিলে তো মহামারী আকার ধারণ করত না। সরকার চেষ্টা করলে পারে না, এমন কিছু নাই।”

পিআইসিইউ আরও বাড়ানোর দাবি করে তিনি বলেন, “দেশে যে জিনিসটার চাহিদা বেড়ে যায়, তখনই ওটার সাপ্লাই বন্ধ হয়ে যায়। কেন মানুষের এ দুর্ভোগ হবে? এই ক্রাইসিসটা কেন? এই ডেঙ্গুর সময়ে স্যালাইনের সংকট, ব্লাড ব্যাগের সংকট- কেন হবে সংকট? এটা কী সরকার দেখে না?”