স্কুল শিক্ষার্থীদের ‘জাঙ্কফুড’ এড়ানোর পরামর্শ
“নিয়মিত পড়াশোনার পাশাপাশি আমাদেরকে নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণের চর্চা করতে হবে,” বলেন মোহাম্মদ শোয়েব।
জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের জন্য ‘জাঙ্কফুড’ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক মোহাম্মদ শোয়েব।
ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা বিদ্যালয় আঙ্গিনার আশপাশের দোকান থেকে যেসব জাঙ্কফুড গ্রহণ করি এগুলোও অনেক সময় স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। নিয়মিত পড়াশোনার পাশাপাশি আমাদেরকে নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণের চর্চা করতে হবে। অন্যথায় ভবিষ্যতে তা নানা ধরনের রোগ বাসা বাঁধার কারণ হবে।”
রাজধানী উচ্চ বিদ্যালয়ে ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ‘স্কুল পর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সচেতনতা’ শীর্ষক প্রচারাভিযানে কথা বলছিলেন মোহাম্মদ শোয়েব।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “অনিরাপদ খাবার খেলেও শরীরে নানা অসংক্রামক রোগ বাসা বাঁধতে পারে। যেমন- ক্যান্সার, কিডনির ক্ষতি ইত্যাদি। একই তেল বারবার ব্যবহার করা হলে সেটাকে পোড়া তেল বলে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক। বাজারে বিভিন্ন ধরনের মুখরোচক পানীয় আছে যেগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক।
“শিক্ষার্থীদের ডিম, মাছ, মাংস, শাক-সবজির মত সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। আবার অতিরিক্ত খাবার গ্রহণ করে অতিরিক্ত ওজন সৃষ্টি করা যাবে না। অনেকে শখের বসে কাচা ডিম খেয়ে ফেলে, এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। উৎপাদন থেকে শুরু করে ভোক্তার টেবিল পর্যন্ত সর্বত্র যখন নিরাপত্তা অবলম্বন করা হবে, তখনই খাদ্য নিরাপদ হবে। বয়স অনুসারে পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে।”
ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, “বাংলাদেশে এখনও অনেক মানুষ বস্তুত দরিদ্রসীমার নিচে বসবাস করছে। এখনও অনেক মানুষ তিন বেলা পেটভরে খেতে পায় না। যারা পুষ্টিকর খাবার খায় সেগুলোও ঠিক মত রান্না করা হয় না। পুষ্টিকর খাবার খেলেই আমরা মেধাবী হব, সুস্বাস্থ্যের অধিকারী হব।”
ক্যাবের সচেতনতামূলক প্রচারাভিযানের সহযোগী হিসেবে রয়েছে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেডভেলপমেন্ট বাংলাদেশ ও ওয়েল্ট হাঙ্গার হিলফি নামের দুটি বেসরকারি সংস্থা।
ওয়েল্ট হাঙ্গার হিলফির কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, “ফার্স্ট ফুড বা জাঙ্কফুড খাওয়া আজকাল অভ্যাস হয়ে গেছে। এগুলো স্বাস্থ্যসম্মত নয়। ৩৯ শতাংশ শিশু জাঙ্কফুডে অভ্যস্ত। জীবনের শুরু থেকে অস্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত হয়ে পড়ছে শিশুরা। এজন্য স্কুল পর্যায় থেকে খাওয়ার অভ্যাসটা ঠিক করতে হবে।
‘আমরা স্কুল সামজিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর কাজ করছি। প্রাকৃতিক ভাবে তৈরি খাবারগুলোতে অভ্যস্ত হতে হবে।”
ওই স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হক মিয়া বলেন, এমন একটি সেমিনার আয়োজন করায় ক্যাব ও সংশ্লিষ্টদের ধন্যবাদ। সকাল, বিকাল, দুপুরে নিয়ম করে নিরাপদ খাবার গ্রহণ করতে হবে। অভিভাবকরা নিজেরা রান্না করে শিশুদের হাতে তুলে দেবে। অনেক শিশু স্ট্রিটফুডে অভ্যস্ত হয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের প্রায় পেটের পীড়া হয়।
অনুষ্ঠানে রাজধানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক মিয়া, স্কুলের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন।
