Published : 03 Apr 2026, 07:34 PM
দেশের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪২ জনের এই রোগ শনাক্ত হয়েছে; আর হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৭ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
এক দিনে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩১৫ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ৪২ জন ভর্তি হয়েছেন রংপুরের হাসপাতালগুলোতে।
গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে মারা গেছেন তিনজন। আর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ৯৪ জনের মৃত্যু হয়েছে। তবে ওই সময় থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত নয়জনের মৃত্যু হয়েছে।
হামে বিভাগের হিসেবে চট্টগ্রামে দুইজনের মৃত্যু হয়েছে। জেলার হিসেবে কক্সবাজারে মারা গেছেন দুইজন।
হামের লক্ষণ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে গেছেন ৫ হাজার ৭৯২ জন। এদের মধ্যে ৭৭১ জনের হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া ওই সময় থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৭৭৬ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৫২৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নিশ্চিত হাম আক্রান্তদের তথ্য থেকে পাঁচজনের তথ্য বাদ দেওয়া হয়েছে। জেলা পর্যায় থেকে ভুল তথ্য পাঠানো হয়েছিল বলে অধিদপ্তর বলেছে।
হামে আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিনজন, লক্ষ্মীপুর ও চাঁদপুরের একজন করে রয়েছেন। এ ছাড়া সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালে নিশ্চিত হামে মারা যাওয়া একজনের তথ্য মৃত্যুর তালিকায় যুক্ত করা হয়েছে।