২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: আরও ৬ মৃত্যু

এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন।

ডেঙ্গু: আরও ৬ মৃত্যু
ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মশারির ভেতরে চিকিৎসা চলছে ডেঙ্গু আক্রান্ত ছেলের; মা বাইরে বসে খাইয়ে দিচ্ছেন সন্তানকে। ছবি: মাহমুদ জামান অভি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2024, 07:06 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর মোট ৪৯৪ জনের প্রাণ কাড়ল এই রোগ।

আর একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮২ জন রোগী। তাদেরকে নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৩৫১ জনে।

রোববার যে ৬ জন মারা গেছেন তাদের দুজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

এছাড়া ঢাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মারা গেছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৭৬ জন, ঢাকা বিভাগে ২০১ জন, ময়মনসিংহে ৩৩ জন, চট্টগ্রামে ১৪১ জন, খুলনায় ৯১ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে ১১ জন, বরিশাল বিভাগে ৬৭ জন এবং সিলেট বিভাগে ৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, রোববার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৮ হাজার ৯৮৯ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৮৬৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১১৯৩ জন; আর ১৬৭৫ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। 

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৫ হাজার ৪২৮ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৯২৩ জন।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। 

জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন,যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৮ জনের।

জুলাই মাসে ২৬৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ৬৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।