২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক দিনে ৬ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু

এ নিয়ে এ বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৫ জনে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 06:36 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৬ জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যুর এই সংখ্যা এ বছর সর্বোচ্চ। 

এ নিয়ে এ বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৫ জনে।

এর আগে গত ২১ অগাস্ট ৫ জন এবং ১৩ জুন ৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। 

গত একদিনে মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন করে চিকিৎসাধীন ছিলেন। 

তাদের চার জন পুরুষ, দুই জন নারী। মৃতদের বয়স যথাক্রমে ৪৯, ৩০, ৮৫, ৫২, ৬ এবং ৪৫ বছর। 

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। ১১ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছেন ২৩ জন। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৬ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৮২ জনে।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুলাই মাসে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। ১১ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২০৬ জন রোগী। 

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২৪৭ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়।

এ ছাড়া ঢাকা বিভাগে ১০৪জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ১০৯ জন এবং সিলেট বিভাগে দুই জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৭৯২ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৪৬ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১০৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।