ডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরের রোগী বেশি
এবছর এই প্রথম ঢাকার চেয়ে বাইরের রোগী বেশি দেখা গেল।
ডেঙ্গু এখন আর শুধু রাজধানীবাসীর নয়, সারাদেশেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় যত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, তার বেশিরভাগই ঢাকার বাইরের।
এইডিস মশাবাহিত রোগের দেশজুড়ে বিস্তারের মধ্যে এবছর এই প্রথম ঢাকার চেয়ে বাইরের রোগী বেশি দেখা গেল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালগুলোতে মোট ১৭৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
তার মধ্যে ৯১০ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হয়েছে; ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৫ জন।
তাদের নিয়ে এবছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা পৌঁছেছে ২৭ হাজার ৫৪৭ জনে। শুধু জুলাই মাসের ১৯ দিনেই ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫৬৯ জন। তাদের মধ্যে ঢাকায় ১৭ হাজার ২৪৩ জন এবং ঢাকার বাইরে জেলাগুলোতে ১০ হাজার ৩০৪ জন।
যে ২৭ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ১৯ হাজার ৫৬৯ জনই জুলাই মাসের ১৯দিনের।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৯৩৭ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৩৫২২ জন এবং ঢাকার বাইরে ২৪১৫ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীদের মধ্যে আরও ৯ জন মারা গেছেন। তাদের নিয়ে এ রোগে এবছর মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১৫৫ জনে। তাদের মধ্যে ১০৮ জনের মৃত্যু হয়েছে চলতি জুলাই মাসের ১৯ দিনে।
গত একদিনে যে ৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৮ জন মারা গেছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ১ জন ঢাকার বাইরে।
এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ৩৪ জনের। জুলাইয়ের প্রথম ১৯দিনেই সেই সংখ্যা বেড়ে তিনগুণ হয়েছে।
মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১০৩৬ জন এবং জুন মাসে ৫৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং জুন মাসে ৩৪ জনের মৃত্যু হয়েছে।
এ বছর এইডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, সেটিকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।
এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়।
এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৭৯ জনের।
