চিকিৎসার ‘সব তথ্য’ ব্র্যাক হেলথকেয়ার অ্যাপে
অ্যাপের মাধ্যমে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, রেকর্ড চেকিং, অনলাইনে অর্থ জমার ব্যবস্থাসহ চিকিৎসাসংক্রান্ত সব ধরনের তথ্য ও সুবিধা পাবেন গ্রাহকরা।
চিকিৎসাসেবা পাওয়া সহজ ও গতিশীল করতে ‘ব্র্যাক হেলথকেয়ার’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড।
এই অ্যাপের মাধ্যমে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, রেকর্ড চেকিং, অনলাইনে অর্থ জমার ব্যবস্থাসহ চিকিৎসাসংক্রান্ত সব ধরনের তথ্য ও সুবিধা পাবেন গ্রাহকরা।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক জানায়, আগের দিন মহাখালীতে ব্র্যাকের প্রধান কার্যালয়ে ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ এই অ্যাপটি উদ্বোধন করেন।
ব্র্যাক এন্টারপ্রাইজের ঊর্ধ্বতন পরিচালক মুহাম্মদ আনিসুর রহমান, সহযোগী পরিচালক (আইটি) মুহাম্মদ আব্দুল বারী এবং ব্র্যাক হেলথকেয়ারের প্রধান তৌফিকুল হাসান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
তামারা আবেদ বলেন. “রোগী যেখানেই থাকুক না কেন, তাদের সঙ্গে সবসময় যুক্ত থাকার জন্য আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছি। আমাদের লক্ষ্য হলো একটি সুসম্পন্ন স্বাস্থ্যসেবা ব্যবস্থা তৈরি করা, যেখানে ব্যক্তিগত পরামর্শ ও বিজ্ঞপ্তিসহ নানা পরিষেবা এবং তথ্য দেওয়া হবে।”
তৌফিকুল হাসান সিদ্দিকী বলেন, “গুরুত্বপূর্ণ বিষয় হল রোগীর যাবতীয় ব্যক্তিগত তথ্য শুধু তাদের নিবন্ধিত মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ওটিপিভিত্তিক প্রমাণীকরণের মাধ্যমে সুরক্ষিত থাকবে।”
অ্যাপের ‘পেমেন্ট পোর্টাল’ থেকে ব্যবহারকারীরা সশরীরে কেন্দ্রে না গিয়েও তাদের পূর্বের সব চিকিৎসাসংক্রান্ত তথ্য দেখতে পারবেন। ব্র্যাক হেলথকেয়ার-এর চিকিৎসকরা অ্যাপের মাধ্যমে রোগীর সমস্ত তথ্য, রেকর্ড এবং অ্যাপয়েন্টমেন্টের ইতিহাসও দেখতে পারবেন।
ব্র্যাক হেলথকেয়ার অ্যাপে প্রেসক্রিপশন দেখা, স্বাস্থ্যসংক্রান্ত পরীক্ষার রিপোর্ট ডাউনলোড করা এবং তথ্য সংরক্ষণ সুবিধা থাকছে। অ্যাপ ব্যবহার করে রোগীরা তাদের প্রতিক্রিয়া, পরামর্শ এবং মতামতও দিতে পারবেন।
বর্তমানে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য উপযুক্ত অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
