২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: ১৪ দিন পর একজনের মৃত্যুর খবর

এ বছর ১৮ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2024, 08:03 PM

Updated : 07 Mar 2024, 08:03 PM

দেশে ১৪ দিন পর ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে; তাকে নিয়ে এ বছর ১৮ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর সবশেষ একজনের মৃত্যুর খবর দিয়েছিল।

অন্যদিকে গত চব্বিশ ঘণ্টায় মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের ৬ জন ঢাকা মহানগরের, বাকি ৬ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা।

নতুনদের নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫৬ জনে।

এর মধ্যে কেবল জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জন মারা গেছেন। আর ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হন বাকি ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

মার্চের প্রথম ৭ দিনে আক্রান্ত হয়েছেন ৬১ জন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৬৮ জন চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৩০ জন এবং ঢাকার বাইরে এ সংখ্যা ৩৮।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয়েছে ওই বছর।