২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ১৬ জন

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর নথিভুক্ত সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৯।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2024, 07:26 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

দেশে এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬ জন, এ সময়ে এইডিস মশাবাহিত রোগটিতে কারো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন তিনজন।

এর বাইরে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে একজন, খুলনা বিভাগে সাতজন এবং বরিশাল বিভাগে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর নথিভুক্ত সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৯, যাদের মধ্যে মৃত্যু ৩৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে শুক্রবার সকাল ৮টার আগ পর্যন্ত ১৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন, যাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৬৭ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৬৫।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন এবং মৃত্যু হয় তিনজনের।

মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন; এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন এবং মারা যান দুজন। মে মাসে আক্রান্ত ৬৪৪ এবং মৃত্যুর সংখ্যা ১২।

জুনের ৭ দিনে ১৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।