১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরো ২ মৃত্যু, শনাক্ত ১২৮

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৫৪ জন মারা গেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 05:46 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো দুইজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ভাইরাসজনিত ছোঁয়াচে এ রোগের উপসর্গ নিয়ে ৬৫৪ জন মারা গেল।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। 

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৮৪ জন ঢাকা বিভাগে মারা গেছে; রাজশাহীতে ৮৯, সিলেটে ৮৭, চট্টগ্রামে ৫৩, বরিশালে ৪১, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ৮১৮ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে এসেছে, তাদের মধ্যে ভর্তি হয়েছে ৭৬১ জন।

সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে, ২৯৫ জন। রাজশাহীতে ৩২, সিলেটে ৬০, চট্টগ্রামে ১৭০, বরিশালে ৯৯, ময়মনসিংহে ৫০, খুলনায় ৫১, রংপুরে ৪ জন। 

এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা ৯২ হাজার ৩১ জন। যার মধ্যে ৮৮ হাজার ৪১৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৮ হাজার ৯৯৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা  ১৩ হাজার ১৯৮ জন।