২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘টয় স্টোরি’ ও ‘ফ্রোজেন’র আরও সিনেমা আনছে ডিজনি

দুটোই ডিজনির ব্যবসা সফল ফ্রাঞ্চাইজি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2023, 12:12 AM

Updated : 10 Feb 2023, 12:12 AM

ডিজনির ব্যবসা সফল দুই সিনেমা ফ্রাঞ্চাইজি ‘টয় স্টোরি’ ও ‘ফ্রোজেন’ এর আরও সিকুয়াল নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বব আইগার।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, বুধবার কোম্পানির আয়ের প্রতিবেদন তুলে ধরার সময় সিইও বব জানান, এই দুই সিনেমা ফ্রাঞ্চাইজির অধীনে আগামীতে আরও সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের এবং এ বিষয়ে কাজ চলছে।

তিনি বলেন, “এ বিষয়ে আরও বিস্তারিত আমরা শিগগির তুলে ধরব, তবে বলে রাখতে চাই, এটা একটা দারুন উদাহরণ যে আমরা কীভাবে আমাদের অপ্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড ও ফ্রাঞ্চাইজিগুলোর প্রতি আগ্রহ ধরে রাখি।”

ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘ফ্রোজেন’ মুক্তি পায় ২০১৩ সালে। এর ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় ২০১৯ সালে মুক্তি দেওয়া হয় ‘ফ্রোজেন ২’, যা বিশ্বজুড়ে বক্স অফিস থেকে ১৪০ কোটি ডলার আয় করে।

ডিজনির এই ‘ফ্রোজেন’ ফ্রাঞ্চাইজির মূল দুই চরিত্র একটি রাজ পরিবারের দুই বোন আনা ও এলসা। এই সিনেমায় বিভিন্ন অ্যানিমেটেড চরিত্রের কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন বেল, আইডিনা মেনজেল, জনাথন গফ ও জশ গ্যাডের মতো হলিউড তারকারা।

কোম্পানির আরেকটি ব্যবসা সফল ফ্রাঞ্চাইজি ‘টয় স্টোরি’। প্রথম ‘টয় স্টোরি’ মুক্তি পায় ১৯৯৫ সালে এবং সাথে সাথেই একটি ক্লাসিক সিনেমার স্বীকৃতি অর্জন করে। এরই ধারাবাহিকতায় সবশেষ ২০১৯ সালে মুক্তি পায় ‘টয় স্টোরি ৪’ যা বক্স অফিসে ১০০ কোটি ডলারের বেশি আয় করেছে।

এছাড়া এর বাজ লাইটইয়ার চরিত্র নিয়ে ‘লাইটইয়ার’ সিনেমাটি মুক্তি দেওয়া হয় ২০২২ সালে। হলিউড তারকা টম হ্যাংকস ও টিম অ্যালেন এই সিনেমার মূল দুই চরিত্র উডি ও বাজের কণ্ঠ দিয়েছেন।