২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নম্রতার উপলব্ধি

নিজের ‘অলসতাকেই’ অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কারণ হিসেবে তুলে ধরেছেন নম্রতা শিরোদকর।

নম্রতার উপলব্ধি

নব্বইয়ের দশকের হিন্দি সিনেমার অভিনেত্রী নম্রতা শিরোদকর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2022, 09:39 AM

Updated : 21 Dec 2022, 09:39 AM

নব্বই দশকের শেষ দিকে হিন্দি সিনেমায় জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী নম্রতা শিরোদকর কেন ইন্ডাস্ট্রিতে ২০০৫ সাল থেকে অনুপস্থিত, তা জানা গেল ২০২২ সালে এসে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সম্প্রতি এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ‘অলসতাকেই’ অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কারণ হিসেবে তুলে ধরেন নম্রতা।

তবে অভিনয়কে আরও একটু গুরুত্ব দিলে জীবনটা ‘অন্যরকম’ হত বলে এখন তার উপলব্ধি।

১৯৯৩ সালে বিশ্বসুন্দরীর মঞ্চে নম্রতা ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। আর অভিনয়ের আগে মডেলিংয়ে নজর কেড়েছিলেন তিনি।

বড় পর্দায় আসেন নব্বইয়ের শেষের দিকে। ‘কচ্চে ধাগে,’, ‘দিল ভিল পেয়ার ভেয়ার’, ‘বাস্তব’, ‘পুকার’সহ আরও কয়েকটি সিনেমা করে হন আলোচিত।

২০০০ সালে তেলেগু সিনেমার সেটে পরিচয় হয় দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সাথে। ওই পরিচয় থেকেই পরিণয়। ২০০৫ সালে বিয়ে করেন মহেশ বাবুকে। এরপর বিনোদন জগৎ থেকে হারিয়ে যান।

নম্রতা বলেন, “আমি খুব অলস প্রকৃতির ছিলাম। জীবনে কোনো কিছুই যে পরিকল্পনা করে করেছি, বিষয়টি তেমন নয়। যা হয়েছে খুব স্বাভাবিকভাবে হয়েছে। আমি জীবনে যেসব সিদ্ধান্ত নিয়েছি তাতে আমি খুশি। “

ওই সাক্ষাৎকারে নম্রতা জানান, মায়ের ইচ্ছাতেই মডেলিংয়ে এসেছিলেন। কিন্তু মডেলিং করে ক্লান্ত হয়েই তার অভিনয়ে নাম লেখানো।

তাহলে অভিনয় থেকে বিচ্ছেদ কেন?

নম্রতা বলেন. “অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার পর কাজটা ভালোবেসেই করেছিলাম। কাজ করতে করতে মহেশের সঙ্গে দেখা হয়। এরপর বিয়ের সিদ্ধান্ত নিই। কোনো অভিযোগ না রেখেই বলছি, তখন যদি কাজটাকে একটু গুরুত্ব দিতাম তাহলে আজ জীবনটা হয়তো অন্যরকম হত। “

দুই সন্তানের মা নম্রতা তার সংসার জীবনকে ‘আনন্দের’ অভিহিত করে বলেন, “যখন আমি মহেশকে বিয়ের সিদ্ধান্ত নিই, সেটি ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। বিয়ের পর আমার দুনিয়া বদলে যায়, বিবাহিত জীবনের অভিজ্ঞতাও দুর্দান্ত।“

নিজের পরিবারকে ‘উদারমনা’ হিসেবে বর্ণনা করে এই অভিনেত্রী বলেন, পরিবার সবসময় চাইত, তারা যেন ‘অতিরিক্ত’ কিছু না করেন এবং জীবনে যাই করা হোক না কেন, তা নিয়েই খুশি থাকেন।

নম্রতা বলছেন, জীবন নিয়ে তার কোনো ‘আক্ষেপ’ নেই।