অভিষেকের ‘ঘুমর’ দেখার আহ্বান সৌরভের
সৌরভ গাঙ্গুলি ‘ঘুমর’ এর ট্রেইলার শেয়ার করে অভিষেকের তারিফ করে টুইটে লিখেছেন, “অভিষেক আমার প্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম।“
‘ঘুমর’ সিনেমায় ক্রিকেট কোচের চরিত্রে অভিষেক বচ্চনের ব্যক্তিত্বে মুগ্ধ ভারতীয় ক্রিকেট দলের বাঘা বাঘা ক্রিকেটাররা। সৌরভ গাঙ্গুলিতো জানিয়েই দিয়েছেন, তার প্রিয় অভিনেতাদের তালিকায় জুনিয়র বচ্চন হলেন ‘অন্যতম।
ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ছাড়াও সিনেমাটি দেখার আকুলতার কথা জানিয়েছেন যুবরাজ সিং, বীরেন্দ্র শেবাগের মত তারকা ক্রিকেটাররা।
দুই সপ্তাহ পর মুক্তি পেতে চলা ‘ঘুমর’ সিনেমার ট্রেইলার এসেছে। সিনেমায় অভিষেক বচ্চন একজন ক্রিকেট কোচের চরিত্র করেছেন। যিনি যুদ্ধ করছেন জাতীয় দলে সুযোগ পাওয়া এক নারী ক্রিকেটারকে মাঠে ফেরাতে। কারণ এক দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন সেই নারী, এরপর থেকে কেবল মৃত্যু কামনার তার দিন যায়, চেষ্টা করেন আত্মহননেরও।
মেয়েটিকে এমন অবস্থা থেকে উদ্ধারে এগিয়ে আসেন তার কোচ। কোনো অবস্থাতেই হাল ছাড়তে নারাজ সেই কোচ তার শিষ্যকে নিয়ে এগোতে চান এক হাতেই।
ট্রেইলারেই প্রায় পুরো গল্পের গুমোর ফাঁস করে দিয়েছেন অভিষেক।
সৌরভ গাঙ্গুলি ‘ঘুমর’ এর ট্রেইলার শেয়ার করে অভিষেকের তারিফ করে টুইটে লিখেছেন, “অভিষেক আমার প্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম। ট্রেইলার দুর্দান্ত! সিনেমা দেখার জন্য অপেক্ষা করছি। আপনারাও সবাই অবশ্যই দেখবেন। পুরো টিমকে শুভেচ্ছা। ঈশ্বর আশীবার্দ করুন।”
পাল্টা টুইটে সৌরভকে ধন্যবাদ জানিয়ে অভিষেক বলেন, “আমার অন্যতম প্রিয় ক্রীড়াব্যক্তিত্বের কাছ থেকে এই প্রশংসা বড় পাওনা। ধন্যবাদ দাদা।“
দেখার অপেক্ষায় আছেন জানিয়ে ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ লিখেছেন, “সত্যিই আমি জীবনে স্পিনারদের এত সিরিয়ালসি নিইনি।“
শেবাগের রসিকতায় অভিষেকের মন্তব্য,”কথা দিলাম, এই সিনেমা দেখার পর থেকে সিরিয়াসলি নেবেন। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।”
শুভকামনা জানিয়ে টুইট করেছেন ক্রিকেটার যুবরাজ সিং।
ট্রেইলারে অভিষেকের অভিনয়ের প্রশংসা এসেছে। তার মুখের “জীবন থেকে যখন কোনো দরজা একবার বন্ধ হয়ে যায়, তখন সেই দরজাটি না খোলার চেষ্টা করে আপনাকে ভেঙে ফেলতে হয়” সংলাপটি ভাইরাল হয়েছে অল্প সময়ের মধ্যে।
নির্মাতা আর বাল্কি পরিচালিত ‘ঘুমর’ বড় পর্দায় মুক্তি পাবে আগামী ১৮ অগাস্ট। চিত্রনাট্যও লিখেছেন বাল্কি। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩’-এ সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।
এ সিনেমায় ক্রিকেটার হয়েছেন অভিনেত্রী সৈয়ামি খের। আরও অভিনয় করেছেন শাবানা আজমী, অঙ্গদ বেদী, নিমরত কৌরসহ আরও অনেকে। এছাড়া বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।
এর আগে গত বছর ‘দশভি’ সিনেমায় দেখা যায় অভিষেককে। বিরতি শেষে সৈয়ামি খেরের সঙ্গে পর্দায় ফিরেছেন বচ্চনপুত্র।
এছাড়া ‘এসএসএসসেভেন’ সিনেমা নিয়েও ব্যস্ততা চলছে তার। এসবের মধ্যে খবর চাউর হয়েছে, রাজনীতি নিয়ে আগ্রহ আছে অভিষেকের।
শোনা গেছে, মায়ের মত অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে (এসপি) যোগ দিতে যাচ্ছেন অভিষেক।
