‘উঁচাই’ পরিণীতির ‘আশীর্বাদ’
অমিতাভ বচ্চন, অনুপম খেরদের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন পরিণীতি।
ক্যারিয়ারের ১১ বছর পাড়ি দেওয়া ‘স্ট্রাগলিং অ্যাক্টর’ পরিণীতি চোপড়া নিজেকে আশীর্বাদপুষ্টই ভাবছেন।
কী কারণ? উঁচাই সিনেমায় বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, বর্ষীয়ান অভিনেতা অনুপম খের এবং বোমান ইরানি, সারিকা, নীনা গুপ্তের মতো অভিনয়শিল্পীদেরর সঙ্গে কাজ করেই আপ্লুত এই অভিনেত্রী।
সুরুজ বরজাতিয়া পরিচালিত ‘বন্ধুত্বের’ গল্প উপর ভর করে তৈরি সিনেমা উঁচাই মুক্তি পেয়েছে ১১ নভেম্বর। এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে এসেছেন পরিণীতি।
এনডিটিভি জানিয়েছে, পরিণীতি রোববার ইনস্টাগ্রামে উঁচাইয়ের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেগুলো শুটিং করা হলেও সিনেমা দৃশ্য থেকে পরে বাদ দেওয়া হয়।
ক্যাপশনে লিখেছেন, “এখানে সাড়ে তিনশ বছরের অভিজ্ঞতা এক ফ্রেমে বন্দি।”
অমিতাভের সঙ্গে আরেকটি ছবিতে হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল পরিণীতিকে। এই নায়িকা মনে করেন একবারের জন্য হলেও আশীর্বাদ এসেছে তার জীবনে।
রাজশ্রী প্রোডাকশনের এই সিনেমায় দেখা যাবে দিল্লির বাসিন্দা চার বন্ধু জীবনে প্রতিষ্ঠিত। চারজন একসঙ্গে হওয়া মানেটি নাচে-গানে-পানে-সেলফিতে পার্টি হতেই হবে, হয়ও। ভূপেনের ইচ্ছা বন্ধুদের নিয়ে এভারেস্টে চড়ার। কারণ সে পাহাড়ের মানুষ, সেখানেই তার ছেলেবেলা কেটেছে।
কিন্তু সেই ইচ্ছে এক কথায় উড়িয়ে দেন অমিতাভ, তাই ভেস্তে যায় ভূপেনের পরিকল্পনা।
আচমকাই ভূপেনের মৃত্যুতে বদলে যায় সবকিছু। অমিতভ সিদ্ধান্ত নেন, ভূপেনের ইচ্ছাকে সম্মান জানাতে তিনি এভারেস্টে যাবেন এবং সেখানেই তার ভষ্ম বিসর্জন দেবেন। অমিতাভেরর এই ইচ্ছার কাছে নিজেদের সমর্পণ করেন বাকি দুই বন্ধুও।
কিন্তু চাইলেই তো আর পাহাড় পেরুনো যায় না। সেই অভিযানের জন্য দরকার প্রস্তুতি। দৌড়, ব্যায়ামাগারে নানা ধরনের শারীরিক কসরতে তাদের তৈরি করেন অভিযানের নেতা পরিণীতা চোপড়া। এই সফরে সঙ্গী হন নীনা গুপ্তা এবং সারিকাও। শুরু হয় তাদের পর্বত অভিযান।
