Published : 11 Aug 2023, 01:23 PM
একসঙ্গে দুই নাটক মঞ্চে আনছে রেপার্টরি নাট্যদল 'একলব্য'। নাটক দুটি দিয়েই আত্মপ্রকাশ হতে যাচ্ছে নাট্যদলটির।
শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরি ললিতকলা একাডেমি মিলনায়তনে নাটক দুটির উদ্বোধনী প্রদর্শনী হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ‘একলব্য রেপার্টরি’।
সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথমে দেখানো হবে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় নাটক ‘মুরনোমালা’; এবং রাত ৮টা ৪০ এ বাংলা নাটক ‘নীলনগর’ মঞ্চস্থ হবে।
নাট্যদলটির সঞ্চালনের মূখ্য ভূমিকায় রয়েছেন উজ্জ্বল সিংহ। তিনি গ্লিটজকে বলেন, “মঞ্চনাটকের অবাধ বিকাশ ও বিস্তৃতিই এই নাট্যদলের প্রধান উদ্দেশ্য। একলব্য রেপার্টরি মূলত প্রযোজনাভিত্তিক একটি নতুন নাট্যদল। কয়েকজন নাট্যপাগল তরুণ-তরুণীর সম্মিলিত প্রচেষ্টা এ নাট্যদলটি।"
দুটি নাটকেরই রচনা ও নির্দেশনা রয়েছেন উজ্জ্বল সিংহ।
বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অরুণা সিনহা, অনিক প্রধান, অর্চিতা দেব অর্পা, বাসন্তী সিনহা, সায়না জাহান, নির্মল সিংহ, সজল সিংহ।