হারানো গান বাঁচাতে নিজে গাইছেন, অন্যদেরও শেখাচ্ছেন
ঐতিহ্যবাহী অল্প পরিচিত আইরিশ গানগুলোকে আরও বেশি মানুষের নিকটে পৌঁছে দিতে সেগুলিকে সংরক্ষণ ও শেয়ার করার উদ্যোগ হাতে নিয়েছেন ক্যাটরিনা।
আপনি নিশ্চয়ই ‘রকি রোড টু ডাবলিন’ ও ‘হুইস্কি ইন দ্য জার’ এর মতো গানগুলো শুনেছেন? কিন্তু ‘অ্যান মিউলটিন’ বা ‘গেল্টিন টি ভো’ শিরোনামের আইরিশ গানগুলো সম্পর্কে কতটুকু জানেন আপনি?
বিবিসি জানিয়েছে, আয়ারল্যান্ডের কাউন্টি ডোনেগালের অধিবাসী সঙ্গীতজ্ঞ ক্যাটরিনা নি ঘ্রাবিন ঐতিহ্যবাহী আইরিশ গান সংরক্ষণ ও ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছেন।
হারিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকা অল্প পরিচিত গানগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ তার।
গানগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষায় ক্যাটরিনা এসব আইরিশ ঐতিহ্যবাহী গান নিজের কণ্ঠে তো তুলছেনই, পাশাপাশি অন্যদেরও শেখাচ্ছেন। এছাড়া এসব গানের স্বরলিপি উদ্ধার, কোনো কোনোটির স্বরলিপি তার নিজের হাতে লিপিবদ্ধ করার কাজও চলছে সমানতালে।
“ডোনেগালের অনেক গান ভালোভাবে লেখাই হয়নি। আগে অনেকেই আইরিশ বা ইংরেজিতে স্বরলিপি লিপিবদ্ধ করতে পারতেন না। বেশিরভাগ শুনে শুনেই সেগুলো শিখেছেন। এখনো এই পদ্ধতিতেই গান সংরক্ষণ করেন তারা,” বলেন সঙ্গীত অন্তঃপ্রাণ এই নারী।
এই সঙ্গীতজ্ঞ বেলফাস্টের কুইন্স ইউনিভার্সিটিতে মাস্টার্সের গবেষণার অংশ হিসেবে ২০২০-২০২১ সালের বেশিরভাগ সময়ই উত্তর-পশ্চিম ডোনেগালের গান সংগ্রহ ও স্বরলিপি লিপিবদ্ধ করতে কাটিয়েছেন। সেসময় হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে এমন ২০টি গান সংরক্ষণ করতে সক্ষম হন তিনি।
ক্যাটরিনার ভাষ্য, “গানগুলো লিপিবদ্ধ করার পাশাপাশি গাওয়া না হলে সেগুলো হারিয়ে যেতে পারে। কিছু গান আমিই প্রথমবার লিপিবদ্ধ করেছি। হাতে লেখা নথি থেকে তা নিয়েছিলাম, কোনো পাণ্ডুলিপিতে ছিল না সেগুলো।”
পশ্চিম বেলফাস্টের কালচারলান ম্যাকাডাম অফিয়্যাকের একদল তরুণকে গানগুলো শেখানোর আগে এক বক্তৃতায় ক্যাটরিনা বলেছিলেন, গানগুলো শেখানোও লেখার মতোই গুরুত্বপূর্ণ, যা গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের একটি।
“তাই গানগুলো যারাই শিখতে চাচ্ছে, শেখাচ্ছি। এই প্রক্রিয়ায় পুরো সম্প্রদায়ের মধ্যে সেগুলো ছড়িয়ে দেয়ার চেষ্টা করছি।”
ডোনেগালের গুইডোতে বেড়ে ওঠার ফলে ক্যাটরিনার জন্য কাউন্টির উত্তর-পশ্চিম অঞ্চল থেকে গান সংগ্রহ করা বেশ গুরুত্বপূর্ণ ছিল।
তিনি বলেন, “এই এলাকার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা আছে। সেখানেই সংগীতে তালিম নিয়েছিলাম আমি, আইরিশও বলতে শিখেছিলাম। আমি মনে করি, এই ধরনের বিশাল গবেষণা জন্য স্থানীয় পরিবেশ, মানুষ ও সংস্কৃতিতে সম্পূর্ণরূপে নিমগ্ন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
কাজটি করতে গিয়ে ২০২০ সালে কিছু চ্যালেঞ্জের মুখেও পড়েছিলেন ক্যাটরিনা। যেমন, গানের কোন সংস্করণটি সংরক্ষণ করবেন তা নির্ধারণ করা।
ক্যাটরিনার মতে, মৌখিক ঐতিহ্যের বৈশিষ্ট্যই হচ্ছে, গানগুলো যতবেশি শেয়ার করা হবে, তা ততবেশি পরিবর্তিত হবে। তাই ২০২০ সালে গানগুলো কেমন ছিল তার একটি স্ন্যাপশট ধারণ করেছিলেন তিনি।
ক্যাটরিনা বলেন, “একটা বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ, এগুলোকে মূল্যবান শিল্পকর্ম হিসেবে বিবেচনা না করাই ভালো কারণ, তারা পরিবর্তিত হবে- এটাই ঐতিহ্য।”
সঙ্গীতজ্ঞ মরিস ব্র্যাডলি, যিনি মূলত ব্যাগপাইপ ও বেহালা বাজান; ক্যাটরিনার মতো তারও আইরিশ সংগীত সংগ্রহের প্রতি বিশেষ আগ্রহ আছে।
তিনি ক্যাটরিনা কাজের প্রশংসা করে বলেন, “তরুণরা যদি এসব গান শিখে তাদের নিজস্ব স্টাইলে মানিয়ে নেয়, তবেই ঐতিহ্য বেঁচে থাকবে। যদিও তা অতীতের থেকে আলাদা হতে পারে, তবে ঐতিহ্যকে তা প্রাণবন্ত এবং সক্রিয় রাখতে সাহায্য করবে।”
মরিস এই সঙ্গীত সংরক্ষণের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, “অনেক বয়স্ক সংগীতশিল্পী আছেন, যাদের প্রচুর সংরক্ষণ রয়েছে৷ তাই এসব রেকর্ড করা ও লিখে রাখা না হলে চিরতরে হারিয়ে যেতে পারে।”
