শাহরুখ সুপুরুষ নন, বলার পর তোপে পাকিস্তানি অভিনেত্রী
যদিও শাহরুখের ব্যক্তিত্বে প্রশংসা করেছিলেন মাহনুর বালোচ, তবে তাতে কাজ হয়নি।
শাহরুখ খান ব্যবসা ভালো বুঝলেও সুপুরুষ নন- এমন মন্তব্যের পর বলিউড তারকার ভক্তদের তোপে পড়েছেন পাকিস্তানের অভিনেত্রী মাহনুর বালোচ।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তানের একটি শোতে গিয়ে শাহরুখকে নিয়ে নিজের মত প্রকাশ করেছিলেন মাহনুর।
শাহরুখ সুদর্শনও নন, ভালো অভিনেতাও নন- এমনটা বললেও তার ব্যক্তিত্বের প্রশংসাই করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী।
মাহনুর বলেন, “আমি তাকে একজন প্রতিভাবান ব্যবসায়ীই বলব। তিনি জানেন কীভাবে নিজেকে বাজারজাত করতে হয়। এবং তার সৌন্দর্যও মুগ্ধ হওয়ার মতো নয়। বরং তার ব্যক্তিত্বের আভা আছেন। এছাড়া তার মধ্যে আরও এমন কিছু গুণ রয়েছে, যা বহু সুন্দর দেখতে মানুষের মধ্যে পাওয়া যায় না।
“হয়ত তার ভক্তরা আমার সঙ্গে একমত হবেন না। আমার মনে হয় তিনি নিজেকে ভালোভাবে বাজারজাত করতে পারেন। ইন্ডাস্ট্রিতে তার চেয়েও ভালো অভিনেতা আছেন, তাদের নিজেকে তুলে ধরার ক্ষমতা নেই বলে তারা সফলও না।”
মাহনুরের ওই সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই ভারত-পাকিস্তান দুই দেশের শাহরুখ অনুরাগীদের কাছে কটাক্ষের শিকার হতে হয়েছে মাহনুরকে।
রাগে-ক্ষোভে ফেটে পড়েছেন শাহরুখ-অনুরাগীরা। কেউ বলেছেন, “যতসব ভুলভাল কথা। শাহরুখ যেমন ভালো অভিনেতা, সেই সঙ্গে তিনি এক জন কিংবদন্তি।”
মাহনুরকে উদ্দেশ করে একজন বলেন, “আমার মনে হয়, শাহরুখের নাম ব্যবহার করে আপনি প্রচারের আলোয় আসতে চাইছেন।”
আরেকজন লিখেছেন, “আর যাই হোক, শাহরুখ কাউকে নিয়ে এই ধরনের মন্তব্য করবেন না। নিঃসন্দেহে মানুষ হিসেবে তিনি আপনার থেকে উপরের স্তরের।”
মাসখানের আগে শাহরুখকে নিয়ে ভিন্ন মত রেখেছিলেন পাকিস্তানেরই আরেক অভিনেত্রী মাহিরা খান, যিনি বলিউড সিনেমা ‘রইস’ এ শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন।
নিজেকে শাহরুখের ‘ফ্যান গার্ল’ হিসেবে পরিচয় দিয়েছিলেন মাহিরা, তাতেই আবার অনেকের চক্ষুশূল হয়ে পড়েন এই অভিনেত্রী।
‘ভারতবিদ্বেষী’ মানুষ ছাড়াও পাকিস্তানের পিএমএলএন নেতা আফনান উল্লাহখান অভিনেত্রী মাহিরাকে কটাক্ষ করে বলেছিলেন,“মাহিরা স্রেফ টাকার জন্য ভারতীয় অভিনেতাদের তোষামোদ করেন।”
