অকালে চলে গেলেন কে-পপ স্টার মুনবিন
মুনবিন আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
কোরিয়ান পপস্টার মুনবিন মারা গেলেন মাত্র ২৫ বছর বয়সে।
বুধবার রাতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নিজের বাসায় মুনবিনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তার ম্যানেজার। তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
বিবিসি জানিয়েছে, মুনবিনের মৃত্যুর খবর ঘোষণা করে তার মিউজিক রেকর্ড কোম্পানি ফ্যান্টাজিও বলেছে, “অপ্রত্যাশিতভাবে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এবং আকাশের তারা হয়ে গেছেন।”
পুলিশ বলছে, “তিনি আত্মঘাতী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।”
২০১৬ সালে নামকরা কে-পপ গ্রুপ অ্যাস্ট্রোতে যোগ দেওয়ার আগে মুনবিন অভিনেতা ও মডেল হিসেবে কাজ করেছেন। মুনবিন ও সানহা নামের একটি সাব-গ্রুপের সঙ্গেও তিনি ছিলেন।
মুনবিনের মৃত্যু নিয়ে যেন বিভ্রান্তি না ছড়ায়, সেই অনুরোধ জানিয়েছে প্রযোজনা কোম্পানি ফ্যান্টাজিও।
এক বিবৃতিতে ফ্যান্টাজিও বলেছে, ‘অনুমাননির্ভর আর বিদ্বেষমূলক’ প্রতিবেদন থেকে বিরত থাকুন, যাতে তার পরিবার শান্তিতে তার প্রতি শ্রদ্ধা জানাতে পারে।
মুনবিন ছোটবেলায় ফ্যান্টাজিওর প্রশিক্ষণ প্রোগ্রামে যোগ দিয়েছিলেন। পরে ২০১৬ সালে ওই কোম্পানির ব্যান্ড অ্যাস্ট্রোতে তিনি যোগ দেন। ওই গ্রুপে ছয়জন শিল্পী ছিলেন, যাদের একজন গত ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন। এরপর চলে গেলেন মুনবিনও।
তার বোন মুন সুয়াও একজন কে-পপ স্টার। তিনি নারীদের গ্রুপ বিলির হয়ে কাজ করছেন।
বিবিসি লিখেছে, সাম্প্রতিক বছরগুলোতে কে-পপ তারকাদের মধ্যে মুনবিনের অকাল মৃত্যু ঘটল। এর আগে ২০১৯ সালে সিউলে নিজের বাসায় পাওয়া যায় গায়ক ও অভিনেত্রী গু হারা এর মরদেহ। তার ঘনিষ্ঠ বান্ধবী কে-পপ তারকা সুলি দীর্ঘদিন ধরে অনলাইন বুলিংয়ের শিকার হয়ে একই বছরে আত্মহত্যা করেন।
২০১৮ সালে পুরুষদের ব্যান্ড ‘হান্ড্রেড পারসেন্ট’ (১০০%) এর মিনউও নিজের বাড়িতে মারা যান। তার প্রোডাকশন কোম্পানি সেসময় শুধু জানিয়েছিল, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। এছাড়া ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় বয় ব্যান্ড শাইনির সদস্য জংহিউন মারা যান।
উন্নত দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার যুবকদের মৃত্যুর হার সবথেকে বেশি। দেশটির সামগ্রিক আত্মহত্যার হার কমতে থাকলেও বয়সে ২০ এর কোটায় থাকা তরুণদের মৃত্যুর হার বাড়ছে। সরকার আত্মহত্যার হার উল্লেখযোগ্যভাবে কমানোর চেষ্টা করছে।
মুনবিনের ভক্ত-অনুরাগীরা তার মৃত্যুতে শোক জানাচ্ছেন। কে-পপ সংগীতের সঙ্গে তরুণদের পরিচয় করিয়ে দেওয়ায় মুনবিনের প্রশংসা করছেন তারা।
