‘নিকষ’ এর পোস্টার আনলেন ফারিণ
ওয়েব ফিল্ম ‘নিকষ’ মুক্তি পাবে মুক্তি পাবে দীপ্ত প্লে-তে ২৬ জুন।
থ্রিলার ঘরানার ওয়েব ফিল্ম ‘নিকষ’ মুক্তি পাচ্ছে কয়েকদিন পর, আর সেই মুক্তি ঘিরে সোশাল মিডিয়ায় সিনেমাটির পোস্টার প্রকাশ করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
সহকর্মী এবং ভক্তদের শুভেচ্ছা আর অভিনন্দন বার্তায় ছেয়ে গেছে ফারিণের সেই পোস্ট।
‘নিকষ’ পরিচালনা করেছেন রুবেল হাসান, যা মুক্তি পাবে দীপ্ত প্লে-তে ২৬ জুন। ওটিটিতে এটিই হাসানের প্রথম কাজ। দুই বোন-সুলতানা ও লিজাকে ঘিরে গল্প বুনেছেন নির্মাতা।
সুলতানা একটি অফিসে টাইপিস্টের চাকরি করে আর স্কুলে পড়ে লিজা। তারা থাকে এই শহরের একটি বস্তিতে। হঠাৎ ছোট বোন লিজা হারিয়ে যায়। বোনকে খুঁজে পেতে মরিয়া সুলতানার অভিযান নিয়ে এগিয়ে যায় গল্প।
‘নিকষ’ এর প্রচারে কয়েকদিন আগে ফেইসবুকে লাইভে এসেছিলেন ফারিণ। সেখানেই নিজের ‘বোনের’ হারিয়ে যাওয়ার খবর দেন ফারিণ।
লাইভে দেখা যায়, ইটের খোয়া ছড়ানো রাস্তায় দাঁড়িয়ে কান্নার ভঙ্গিতে ফারিণ বলছেন, “আমি বড় একটা বিপদে পড়েছি। বুঝতে পারছি না, কী করা উচিত। আপনারা আমাকে একটু সাহায্য করেন। আমার বোনকে আমি খুঁছে পাইতেছি না। ও স্কুলে গিয়েছিল, যাওয়ার পর হঠাৎ করে দেখি কোনো খোঁজখবর নাই। বাসায় আসতেছে না।…আমার বোন কোথায় আছে, কীভাবে আছে জানি না। আপনারা যদি কোনো সন্ধান পেয়ে থাকেন, প্লিজ একটু হেল্প করেন…।”
শুটিং সেটের বাইরে সাধারণ চেহারায় জনপ্রিয় এই অভিনেত্রীর লাইভ শেয়ার করেন অনেকে। বিষয়টি নিয়ে ভক্তদের অনেকে শুরুতে উদ্বেগ প্রকাশ করেন। কেউ আবার জানতে চান এটি তার নতুন কোনোকিছুর প্রচার কিনা।
লাইভের পরদিন ফারিণ ফেইসবুকে নিজের বেশকিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “আমার বোনকে কি সত্যিই খুঁজে পাব?”; এরপর লেখেন, “এই ঈদে আসছে ‘নিকষ’, দীপ্ত প্লে-তে।”
তখন স্পষ্ট হয়ে যায়, ফারিণ তার বোনকে খুঁজতে ফেইসবুক লাইভে এসেছিলেন আসলে এই ‘নিকষ’ নামে নতুন এক কন্টেন্টের প্রোমোশনে।
তবে এভাবে লাইভে আসাকে ভালোভাবে নেননি ভক্তদের অনেকে।
‘নিকষ’ এর শুটিং হয়েছে ঢাকার কড়াইল বস্তি, বনানীসহ দেশের সীমান্তবর্তী কয়েকটি এলাকায়। এই ওয়েব সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন।
ফারিণ ছাড়াও আরও অভিনয় করেছেন, মাহিমা, মীর নওফেল আশরাফী, জয়রাজ, রাকিব হোসাইন, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসারত হৃদিকাসহ আরও কয়েকজন।
আরও পড়ুন
