১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বোনকে খুঁজতে যে কারণে লাইভে ফারিণ

বিষয়টি নিয়ে ভক্তদের অনেকে শুরুতে উদ্বেগ প্রকাশ করেন। কেউ আবার জানতে চান এটি তার নতুন কোনোকিছুর প্রচার কিনা।

বোনকে খুঁজতে যে কারণে লাইভে ফারিণ

তাসনিয়া ফারিণের নতুন ওয়েব কন্টেন্ট ‘নিকষ’ আসছে ঈদে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 02:54 PM

Updated : 11 Jun 2023, 05:44 PM

অগোছালো অবয়ব আর চোখে-মুখে দুঃশ্চিন্তার ছাপ। অভিনেত্রী তাসনিয়া ফারিণকে ফেইসবুক লাইভে এমন চেহারায় দেখে ভড়কে যাওয়ারই কথা ভক্তদের; হয়েছেও তাই।

ফেইসবুক লাইভে এসে নিজের বোনের হারিয়ে যাওয়ার খবর দেন ফারিণ। ইটের খোয়া ছড়ানো রাস্তায় দাঁড়িয়ে শুক্রবার বিকালে লাইভে তিনি বলেন, “আমি বড় একটা বিপদে পড়েছি। বুঝতে পারছি না, কী করা উচিত। আপনারা আমাকে একটু সাহায্য করেন।”

কান্নার ভঙ্গিতে ফারিণ বলেন, “আমার বোনকে আমি খুঁছে পাইতেছি না। ও স্কুলে গিয়েছিল, যাওয়ার পর হঠাৎ করে দেখি কোনো খোঁজখবর নাই। বাসায় আসতেছে না।…আমার বোন কোথায় আছে, কীভাবে আছে জানি না। আপনারা যদি কোনো সন্ধান পেয়ে থাকেন, প্লিজ একটু হেল্প করেন…।”

শুটিং সেটের বাইরে সাধারণ চেহারায় জনপ্রিয় এই অভিনেত্রীর লাইভ শেয়ার করেন অনেকে। বিষয়টি নিয়ে ভক্তদের অনেকে শুরুতে উদ্বেগ প্রকাশ করেন। কেউ আবার জানতে চান এটি তার নতুন কোনোকিছুর প্রচার কিনা।

তবে ভক্তদের প্রশ্নের উত্তর না দিলেও লাইভের শেষে ‍মৃদু হেসে ফারিণ বলেন, “আমি শেষ পর্যন্ত আমার বোনকে পাই কিনা, সেটা জানার জন্য আপনারা আমার পেইজের সাথে কানেক্টেড থাকেন, কালকে ফাইনালি জানতে পারব…আমার বোনকে কেন খুঁজতেছি।”

লাইভের পরদিন শনিবার বিকাল ৫টায় ফারিণ ফেইসবুকে নিজের বেশকিছু ছবি শেয়ার করেন। ক্যাপশনে লিখেন, “আমার বোনকে কি সত্যিই খুঁজে পাব?”; এরপর লিখেন, “এই ঈদে আসছে ‘নিকষ’ দীপ্ত প্লে-তে।”

মুহূর্তেই পরিষ্কার হয়ে যায়, ফারিণ তার বোনকে খুঁজতে ফেইসবুক লাইভে এসেছিলেন আসলে এই ‘নিকষ’ নামে নতুন এক কন্টেন্টের প্রোমোশনে, যা এই ঈদে মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে।

তবে এভাবে লাইভে আসাকে ‘ভালোভাবে’ নেননি ভক্তদের অনেকে।

মন্তব্যের ঘরে আশরাফ নামে একজন লিখেন, “আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি বোন হারিয়েছে! কোনটা যে নাটক আর কোনোটা বাস্তব, বোঝা বড় দায়।”

ফয়সাল হোসাইন রাজ নামে একজন লিখেন, “যদি সত্যিই বিপদে পড়েন, আর এমন ভিডিও দেন, মানুষ বুঝবে আপনি মজা করছেন।…আপনি অন্যভাবেও প্রমোট করতে পারতেন।”

আরেক ভক্ত লিখেন, “আমি কিন্তু ভাবছিলাম সত্যিই আপনার বোন নিখোঁজ! একসময় হয়ত এমন ঘটনা ঘটলেও সবাই ভাববে এটাও অভিনয়!”

তবে ফারিণের প্রশংসাও করেছেন অনেকে। এখন দেখার বিষয় যে কারণে তিনি লাইভে এসেছিলেন, সেই ‘নিকষ’ নতুন কী গল্প নিয়ে আসে।

এ বিষয়ে এই অভিনেত্রীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন ধরেননি তিনি।