চার জুটির সম্পর্কের গল্পে আসছে 'ক্যাফে আমব্রেলা'
সিনেমায় চার জুটির প্রেমের পাশাপাশি ভুল-বোঝাবুঝি ও সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
প্রেম কখনো মিষ্টি ভালোবাসার, আবার কখনো ভুল-বোঝাবুঝি ও মান-অভিমানের এক জটিল সমীকরণ।
চার জোড়া তরুণ-তরুণীর সম্পর্কের এমনই নানা টানাপোড়েন ও বিচিত্র গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’।
শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় তৈরি এই ফিল্মটি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রন’-এ।
সম্পর্কের ভিন্ন ভিন্ন রূপ আর আবেগের গল্পে মোড়ানো এই ফিল্মটি দিয়েই আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে নিজেদের অভিনয়ের সফর শুরু করলেন ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর সেরা তিন বিজয়ী বিদুষী বর্ণিতা, নাজাহ নাওয়ার ও আমিনা ইসলাম।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত এই ফিল্মটিতে বিদুষী, নাজাহ ও আমিনার সঙ্গে পর্দায় দেখা যাবে তৌসিফ মাহবুব, পার্থ শেখ ও আরেফিন জিলানীসহ আরও অনেককে।
লাক্সের আয়োজনে নির্মিত এই ফিল্মে চার জুটির প্রেমের পাশাপাশি ভুল-বোঝাবুঝি ও সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
সিনেমাটি নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, গল্পের ভিন্নতা এবং চার জোড়া কলাকুশলীর রসায়ন ওটিটির দর্শকদের কাছে নতুন এক অভিজ্ঞতা নিয়ে আসবে বলে মনে করেন তিনি।
