টানা ১৪৮ ঘণ্টা শুটিং, অঙ্কিতা বাড়ি যাননি তিন মাস!
“একের পর এক দৃশ্যের শুটিং হত। আমি মাঝেমধ্যে ঘুমিয়ে পড়তাম। আমার সঙ্গে মা থাকতেন। তিনি আবার টেনে তুলতেন আমাকে।“
ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’ চলছে টানা ১৪ বছর ধরে। ভারতীয় সেই হিন্দি সিরিয়ালে চব্বিশ, আটচল্লিশ বা বাহাত্তর ঘণ্টা নয়, ১৪৮ ঘণ্টা বিরতিহীন শুটিং করতে হয়েছে এটির জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডেকে। এমনকি তিন মাস বাড়িমুখোও হননি এই অভিনেত্রী।
“এত কঠোর পরিশ্রম জীবনে অন্য কোনো কাজে করতে হয়নি। টানা ১৪৮ ঘণ্টা কীভাবে কাজ করেছি, এখন সেটা বলতে পারব না। আমার রেকর্ড। তিন মাস বাড়ি যাইনি। শুটিং ফ্লোরেই থাকতাম,” সেই অভিজ্ঞতা এনডিটিভির কাছে তুলে ধরেন তিনি।
অঙ্কিতা বলেন, “আমাকে ছেলেদের ওয়াশরুমই ব্যবহার করতে হত। একের পর এক দৃশ্যের শুটিং হত। আমি মাঝেমধ্যে ঘুমিয়ে পড়তাম। আমার সঙ্গে মা থাকতেন। তিনি আবার টেনে তুলতেন আমাকে।“
তবে সেই পরিশ্রমকে ক্যারিয়ারের সাফল্যের অন্যতম কারণ বলে মনে করেন এই অভিনেত্রী। জিটিভিতে ২০০৯ সাল থেকে শুরু হওয়া ‘পবিত্র রিশতার’ সব কৃতিত্ব দর্শকের বলেও মনে করেন তিনি। এ সিরিয়ালে বলিউডে প্রয়াত অভিনেতা সুশান্ত রাজপূতও অভিনয় করেছিলেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid02ixKirYuh1bzV1W6jCpkq5u75oLq3GBvudPozafgie2N225Bdk3qHPBqEYCYt5gGKl ]
