শাকিরার বিরুদ্ধে ফের বিপুল অংকের কর ফাঁকির অভিযোগ
“আত্মপক্ষ সমর্থনের জন্য আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, ন্যায়বিচার আমার পক্ষেই আসবে। এ নিয়ে আমি আত্মবিশ্বাসী," বলছেন এ তারকা।
কলম্বিয়ান পপতারকা শাকিরার বিরুদ্ধে দ্বিতীয়বারের মত কর ফাঁকির অভিযোগ এনেছে স্পেন সরকার।
৪৬ বছর বয়সী এই সংগীত শিল্পীর বিরুদ্ধে অভিযোগ হল, ২০১৮ সালে শাকিরা ৬.৭ মিলিয়ন ইউরো (৭.১ মিলিয়ন ডলার) কর ফাঁকি দিয়েছেন।
স্পেনের প্রসিকিউটররা বলছেন, এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুরের জন্য শাকিরা কয়েক লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন, যে তথ্য তিনি গোপন করেছেন।
চলতি বছরের জুলাই মাসে এ নিয়ে তদন্ত শুরু হয়, মঙ্গলবার এর বিস্তারিত প্রকাশ করা হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, এই সংগীতশিল্পী বর্তমানে মিয়ামিতে থাকেন। শাকিরা তার বিরুদ্ধে আনা এই অভিযোগের বিষয়ে অবগত আছেন। তবে এখন পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া আসেনি। মিয়ামিতে শাকিরার আইনজীবীরাও কোনো কথা বলেননি।
এদিকে বার্সেলোনায় কর ফাঁকির ছয়টি আলাদা মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন শাকিরা। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে এসব মামলায়। ওই সময়ে স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে বার্সোলোনায় থাকতেন শাকিরা। তার আইনজীবীরা বলছেন, তারা আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২০ নভেম্বর থেকে শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।
কর ফাঁকির অভিযোগ বরাবরই নাকচ করেছেন পপতারকা। এর আগে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “আত্মপক্ষ সমর্থনের জন্য আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, ন্যায়বিচার আমার পক্ষেই আসবে। এ নিয়ে আমি আত্মবিশ্বাসী।" সংবাদসূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
