বিমানবন্দরে থামানো হল ক্যাটরিনাকে
বিমানবন্দরে চেকিং না সেরেই ঢুকে পড়েছিলেন এই বলিউড তারকা।
বড়দিন দেশেই উদযাপন করে বিদেশে উড়াল দিলেন বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ। কিন্তু গোড়াতেই গণ্ডগোল। বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তা আটকে দিলেন এই নায়িকাকে।
ক্যাটকে থামিয়ে দেওয়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তাতে দেখা যায়, সঙ্গে ছিলেন স্বামী ভিকি কৌশলও। স্বামীর হাত ধরে হনহনিয়ে হেঁটে যাচ্ছেন ক্যাটরিনা।
পাপারাজ্জি দেখামাত্র পায়ের গতি বাড়িয়ে ‘চেকিং’য়ের নিয়মকানুন না সেরেই সটান বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়তেই নিরাপত্তা কর্মকতার ডাকে ফিরতে হয় তাকে।
ক্যাটরিনাকে উদ্দেশ করে ওই কর্মকর্তার ভাষ্য ছিল, “ম্যাডাম চেকিং তো করুন।”
কথা না বাড়িয়ে দ্রুত সব নিয়ম পালন করে শেষে বিমানবন্দরে ভেতরে প্রবেশ করেন এই বলিউড তারকা।
এদিকে শিগগিরই ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় বড় পর্দায় আসছেন এই অভিনেত্রী। রোববার বড়দিনের দিন এই সিনেমার পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।
‘ক্রাইম থ্রিলার’ ঘরানার ‘মেরি ক্রিসমাস’ মুক্তি পাবে হিন্দি ও তামিল ভাষায়। সিনেমাটি হলে আসবে ২০২৩ সালে।
বড়দিনের আগে ঘটে যাওয়া এক ‘অপ্রীতিকর’ ঘটনা ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প; যা ক্যাটরিনা ও বিজয়ের জীবনকেই বদলে দেয়।
