২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক' পেলেন খুরশীদ আলম

“এই পুরস্কার আমার জন্য বিশেষ পাওয়া,” বললেন এই সংগীতশিল্পী।

'ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক' পেলেন খুরশীদ আলম

খুরশীদ আলম পেলেন ফিরোজা বেগম স্বর্ণপদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 11:47 PM

Updated : 30 Jul 2023, 11:47 PM

‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার' পেলেন সংগীতশিল্পী মো. খুরশীদ আলম।

২০২২ সালের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পদকের অর্থমূল্যের চেক, স্মারক এবং উত্তরীয় তুলে দেওয়া হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে সর্বোচ্চ সিজিপিএ পাওয়ার জন্য কমল দত্তকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের আগামী সমাবর্তনে কমল দত্তকে পুরস্কার তুলে দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।

পদক পাওয়ার অনুভূতি জানিয়ে খুরশীদ আলম বলেন, “ফিরোজা আপার নামাঙ্কিত এই পুরস্কার পেয়ে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। এই পুরস্কার আমার জন্য বিশেষ পাওয়া। তার মতো এমন গুণীজনের নামে পুরস্কারে আমাকে ভূষিত করার জন্য ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন।

স্বাগত বক্তব্য দেন ফিরোজা বেগমের সহোদর ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা নজরুল সংগীত গেয়ে শোনান, তার সঙ্গে নাচ পরিবেশন করে নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা।

নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী প্রয়াত ফিরোজা বেগমকে স্মরণীয় করে রাখতে এসিআই ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত হয় 'ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড'।

এই ট্রাস্ট ২০১৬ সাল থেকে প্রতি বছর একজন জাতীয় পর্যায়ের সুযোগ্য সংগীত শিল্পীকে 'ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক' প্রদান করে। মনোনীত শিল্পীকে এক ভরি সোনার একটি পদক ও এক লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হয়।

সেই সঙ্গে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের বি.এ. সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত একজন শিক্ষার্থীকে একটি স্বর্ণপদক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া হয়।

২০১৬ সালে সাবিনা ইয়াসমিন, ২০১৭ সালে রেজওয়ানা চৌধুরী বন্যা, ২০১৮ সালে রুনা লায়লা, ২০১৯ সালে ফরিদা পারভীনকে 'ফিরোজা বেগম স্বর্ণপদক দেওয়া হয়েছে।

কোভিড মহামরীর কারণে দুই বছর এই পুরস্কার দেওয়ার অনুষ্ঠান করতে না পারায় ২০২২ সালে আয়োজিত অনুষ্ঠানে একই সঙ্গে ২০২০ সালের জন্য সংগীতশিল্পী ফেরদৌসী রহমান এবং ২০২১ সালের জন্য সৈয়দ আব্দুল হাদীকে পদক দেওয়া হয়। আর ২০২২ সালের জন্য এই পদক পেলেন খুরশীদ আলম।

অনুষ্ঠানে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, "ফিরোজা বেগম আমাদের অহংকার। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। প্রতি বছর ফিরোজা বেগমের নামে এই পদক আমরা একজন গুণী ব্যক্তিকে প্রদান করার জন্য নির্বাচিত করি। এবার আমরা খুরশীদ আলমকে নির্বাচিত করেছি। খুরশীদ আলমকে এই পদক দিতে পেরে বিশ্ববিদ্যালয় সম্মানিত হল।"

সংগীত, নৃত্যসহ সৃজনশীল কাজের বহমানতা জরুরি উল্লেখ করে উপাচার্য বলেন, “এটি যত বেশি চর্চা হবে তত সমাজ সমৃদ্ধ হবে এবং মানবিক হবে। এ রকম সৃজনশীল কাজ ছড়িয়ে দিতে হবে।"

পুরস্কার প্রদান পর্বের পর গান শোনান খুরশীদ আলম। তিনি প্রথমেই শোনান চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান 'বন্দি পাখির মতো, মনটা কেঁদে মরে'। গানটির সুর করেছেন আজাদ রহমান। পরে তিনি আরও একটি গান গেয়ে শেষ করেন আয়োজন।

Image

ফিরোজা বেগম স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান আয়োজিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে।

এক নজরে ফিরোজা বেগম

১৯২৬ সালের ২৮ জুলাই ফরিদপুর শহরে জন্মগ্রহণ করেন নজরুল সংগীতের বরণীয় শিল্পী ফিরোজা বেগম। আইনজীবী খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল তার বাবা, তার মা বেগম কাওকাবন্নেসা।

মাত্র ১৩ বছর বয়সে চিত্ত রায়ের কাছে কলকাতায় তার আনুষ্ঠানিক সংগীত শিক্ষা শুরু হয়। এক বছর পরে ফিরোজা বেগম সংগীত শিক্ষা শুরু করেন উপমহাদেশের শীর্ষ সংগীত পরিচালক কমল দাশগুপ্তের সরাসরি তত্ত্বাবধানে। পরে কমল দাশগুপ্তকে বিয়ে করেন তিনি।

মাত্র ১৪ বছর বয়সে ফিরোজা বেগমের প্রথম গানের রেকর্ড প্রকাশিত হয় কলকাতার বিখ্যাত কলম্বিয়া রেকর্ডিং কোম্পানি থেকে। ঠিক এই সময়ই কলকাতা বেতারকেন্দ্র থেকে নিয়মিত সংগীত পরিবেশনা করতে থাকেন ফিরোজা বেগম।

তখন তিনি ইসলামী সংগীত, গীত, গজল, ভজন, আধুনিক বাংলা গান ও নজরুল সংগীত অত্যন্ত দক্ষতার সাথে পরিবেশন করেন।

হিজ মাস্টার্স ভয়েস কোম্পানি থেকে একের পর এক অনেকগুলি বাংলা ও হিন্দি, উর্দু গানের গ্রামোফোন রেকর্ড প্রকাশিত হতে লাগলো ফিরোজা বেগমের।

এরপর ফিরোজা বেগম সরাসরি কাজী নজরুল ইসলামের কাছে গানের তালিম নিতে শুরু করেন। বাংলা আধুনিক ও উর্দু গীতের এই সফল শিল্পী এইসময় নজরুল সংগীতের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েন যে অন্যান্য সব ধরনের গান ছেলে নজরুলের গানের প্রতি সম্পূর্ণ নিমগ্ন হয়ে পড়েন।

‘নজরুলের আধুনিক গান’ ও ‘নজরুল গীতি’ নজরুল সংগীতের মর্যাদায় প্রতিষ্ঠিত হলে ফিরোজা বেগম পরিচিত হন ‘বিদ্রোহী কবির বিদ্রোহী শিষ্য’ রূপে।

ফিরোজা বেগমের গাওয়া গানের রেকর্ডের সংখ্যা সাত শতাধিক। তার মধ্যে দীর্ঘবাদন রেকর্ডের সংখ্যা ৩৬টি। কলকাতার মহাজাতি সদন ও রবীন্দ্র সদনে তার একক সঙ্গীতানুষ্ঠানের সংখ্যা ১৫০টি।

১৯৭৯ সালে বাংলাদেশ সরকার ফিরোজা বেগমকে ‘স্বাধীনতা পুরস্কারে' ভূষিত করে। ২০১২ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাকে ‘বঙ্গসম্মান’ পুরস্কার দেয়। এছাড়া পশ্চিমবঙ্গ সরকার সংগীতে আজীবন অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৩ সালে ফিরোজা বেগমকে ‘মহাগুরু’ উপাধিতে সম্মানিত করেন। ২০১৫ সালে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পুরস্কার (সংগীতে) ‘বঙ্গ বিভূষণ’ উপাধি পান ফিরোজা বেগম।

২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ফিরোজা বেগম চিরবিদায় নেন। তার ছেলেদের মধ্যে হামিন আহমেদ ও শাফিন আহমেদ বাংলা ব্যান্ড সংগীতের জগতে পরিচিত দুই নাম।