২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে প্রকাশ্যে তিন অ্যালবাম

তিনটি অ্যালবামই প্রকাশিত হয়েছে ঋষি কুমার চ্যাটার্জীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল আরকেসি প্রোডাকশন্স থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2023, 08:33 PM

Updated : 29 Aug 2023, 10:24 PM

প্রকাশ হলো ‘ভালোবাসার বোবা চিঠি’, ‘মন কেমনের গান’ ও ‘এহসাস’ শিরোনামের তিনটি অ্যালবাম। 

তিনটি অ্যালবামই প্রকাশিত হয়েছে ঋষি কুমার চ্যাটার্জীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল আরকেসি প্রোডাকশন্স থেকে। 

এসব অ্যালবামে গেয়েছেন হৈমন্তী শুক্লা, রুমা খালেদ, এস এম খালেদ ও প্রিয়াঙ্কা মান্না। সুর ও সংগীত পরিচালনা করেছেন ঋষি কুমার চ্যাটার্জী। 

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে অ্যালবাম তিনটি প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। আরও উপস্থিত ছিলেন গানের সুরকার ও সংগীত পরিচালক ঋষি কুমার চ্যাটার্জী, কলকাতার সংগীতশিল্পী প্রিয়াঙ্কা মান্না, রুমা খালেদ ও এস এম খালেদ। 

প্রধান অতিথির বক্তব্যে শ্যামল দত্ত বলেন, “শিল্পের কোনো গণ্ডি থাকে না। যে অ্যালবামগুলো আজ এদেশে প্রকাশ পাচ্ছে, সেখানে দুই বাংলার শিল্পীর মেলবন্ধন আছে। সুর ও সংগীতের মাধ্যমে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে গানগুলো সব শ্রোতার মন ছুঁয়ে যাবে- এটাই প্রত্যাশা করি।” 

সংগীত পরিচালক ঋষি কুমার চ্যাটার্জী বলেন, “বাংলাদেশ প্রেস ক্লাবে এসে আমাদের এই অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। রুমা খালেদ ও এস এম খালেদ খুব ভালো গেয়েছেন। আশা করছি এই বাংলার শ্রোতাদেরও গানগুলো ভালো লাগবে।”