২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেইলর সুইফটের কনসার্টের টিকেট বিক্রি নিয়ে বিপত্তি

টিকেট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকেটমাস্টারের উপর ক্ষেপেছে সবাই।

টেইলর সুইফটের কনসার্টের টিকেট বিক্রি নিয়ে বিপত্তি

টেইলর সুইফট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2022, 09:33 PM

Updated : 17 Nov 2022, 09:33 PM

যুক্তরাষ্ট্রের সংগীত তারকা টেইলর সুইফটের আসন্ন কনসার্ট নিয়ে দেখা দিয়েছে দারুণ বিপত্তি। টিকেট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকেটমাস্টারের উপর ক্ষেপেছে সাধারণ দর্শক-শ্রোতা থেকে শুরু করে আইনপ্রণেতারা পর্যন্ত।

অভিযোগ রয়েছে, টিকেট বিক্রিতে একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে টিকেটমাস্টার এবং তাদের এই ‘মনোপলি’ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটদলীয় আইনপ্রণেতারা।

সম্প্রতি ‘মিডনাইট’ অ্যালবাম নিয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলেছেন টেইলর সুইফট এবং তার এই নতুন অ্যালবামের গানগুলো নিয়ে মজেছেন ভক্ত-শ্রোতারা। এরমধ্যেই দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রজুড়ে কনসার্ট করার ঘোষণা দেন এই সঙ্গীত তারকা। 

বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ৫২টি শহরে হতে যাওয়া এই কনসার্টের টিকেট বিক্রির দায়িত্ব নেয় সেদেশের অন্যতম বড় টিকিট বিক্রির প্রতিষ্ঠান টিকেটমাস্টার। কনসার্টের ঘোষণা আসার পর প্রতিষ্ঠানটি আগাম টিকেট বিক্রির একটি পরিকল্পনা নেয় এবং মঙ্গলবার থেকে টিকেট বিক্রি শুরু করে।

কিন্তু বিক্রি শুরুর পরপরই ক্রেতার ব্যাপক চাপে অনলাইনে টিকেট বিক্রির এই ওয়েবসাইট ‘ক্র্যাশ’ করে। ক্রেতারা দীর্ঘ সময় চেষ্টা করেও টিকেট কিনতে পারেননি। এ নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দেয় এবং যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমেও ব্যাপক সমালোচনা শুরু হয়। যার জেরে যুক্তরাষ্ট্রের সেনেটর অ্যামি ক্লোবুচার প্রতিষ্ঠানটির ‘একচেটিয়া ব্যাবসা’ নিয়ে উদ্বেগ জানান।

Image

‘মিডনাইট’ অ্যালবাম নিয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলেছেন টেইলর সুইফট

বৃহস্পতিবার রয়টার্স জানায়, ডেমোক্রেটদলীয় এই সেনেটর টিকেটমাস্টার কোম্পানির নিয়ন্ত্রক প্রতিষ্ঠান লাইভনেশনের কাছে এক চিঠিতে তার উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, “টিকিট বিক্রির বাজারে ব্যবসায়িক প্রতিযোগিতা নিয়ে দারুন উদ্বেগ দেখা দিয়েছে। যা গ্রাহক সেবা নিশ্চিতে প্রতিষ্ঠানের উদ্ভাবন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।”

টিকেট বিক্রি নিয়ে প্রযুক্তির জটিলতা দ্রুত মেরামতের উদ্যোগ নিলেও ‘সুইফটিদের’ (টেইলর সুইফট ভক্তদের এ নামে ডাকা হয়) ক্ষোভ থেকে ছাড় মেলেনি টিকেটমাস্টারের। তারা জানিয়েছে, ‘ঐতিহাসিক অপ্রত্যাশিত চাহিদা’র কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, টিকেট কালোবাজারি এড়াতেই আগাম-টিকেট বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু প্রক্রিয়াগত জটিলতার কারণে এই বিরূপ পরিস্থিতি দেখা দেয়।

বিবিসি লিখেছে, লাইভনেশন ও টিকেটমাস্টার কোম্পানির একীভূত হওয়া নিয়ে বেশ আগে থেকেই আলোচনা চলে আসছিলো। ২০১০ সালে এই দুই টিকেট বিক্রি প্রতিষ্ঠান একীভূত হওয়ার পর যুক্তরাষ্ট্রের টিকেট বিক্রির বাজারে তাদের এক ধরনের একাধিপত্য সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রয়েছে এবং এ নিয়ে বিভিন্ন সময় ক্ষোভও জানিয়েছেন শিল্পী ও ভক্তরা।

সম্প্রতি সুইফটের কনসার্টের টিকিট বিক্রিতে বিপত্তি এই আলোচনা আবারও উস্কে দিয়েছে। ডেমোক্রেট আইনপ্রণেতারা এই প্রতিষ্ঠানের ‘একচেটিয়া আধিপত্য’ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন বাইডেন প্রশাসনের অন্যতম একটি ইশতেহার হচ্ছে সেদেশে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ‘মনোপলি’ ভেঙে দেওয়া যাতে বাজার প্রতিযোগিতামূলক থাকে।

Image

চাহিদা বাড়ায় শো’র সংখ্যাও বাড়াতে হয়েছে টেইলর সুইফটকে

এরই ধারাবাহিকতায় হাউজ কমিটি অন কমপিটিশন অ্যান্ড অ্যান্টি-ট্রাস্টের সভাপতি ডেমোক্রেটদলীয় কংগ্রেস সদস্য ডেভিড সিসিলাইন টুইটারে লিখেছেন, “টিকেট মাস্টারের অতিরিক্ত ফি এবং টিকেট কিনতে দীর্ঘ সময় অপেক্ষা পুরোপুরি অগ্রহণযোগ্য, যেমনটি দেখা গেছে টেইলর সুইফের টিকেট বিক্রির ক্ষেত্রে। এবং এটা আরও বড় ধরনের সমস্যার একটি উপসর্গ। এটা কোনো গোপন বিষয় নয় যে লাইভ নেশন-টিকেটমাস্টার একটি অনিয়ন্ত্রিত মনোপলি।” 

ডেমোক্রেটদলীয় কংগ্রেস সদস্য আলেকজান্ড্রিয়া ওকাসিও-কর্টেজ টুইট করেছেন, “প্রতিদিনই মনে করিয়ে দিচ্ছে যে টিকেটমাস্টার একটি মনোপলি, লাইভনেশনের সঙ্গে এর একীভূত হওয়াটা কখনই অনুমোদন করা ঠিক হয়নি, এবং আবারও আদের আলাদা করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাদের (একীভূতকরণ) ভেঙে দেওয়া হোক।”

এ বিষয়ে বিবিসি বুধবার যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের অবস্থান জানতে চাইলে তাৎক্ষণিক মন্তব্য থেকে বিরত থাকে তারা। অবশ্য টিকেটমাস্টার এরইমধ্যে যুক্তরাষ্ট্র সরকারের নজরদারির মধ্যে রয়েছে।

এদিকে ব্যাপক চাহিদার মুখে টেইলর সুইফট তার কনসার্টে আরও ২৫টি শো যুক্ত করেছেন।